খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় গণতান্ত্রিক যুব ফোরাম নেতা পঞ্চসেন ত্রিপুরাকে (২৮) ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার বেলছড়ি ইউনিয়নের শুভরঞ্জন কার্বারী পাড়ায় নিহতের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। নিহত পঞ্চসেন পার্বত্য চট্টগ্রামের ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের মাটিরাঙ্গা উপজেলা সভাপতি ছিলেন।
মাটিরাঙ্গা থানার ওসি আবু ইউসুফ মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অস্ত্রধারী সন্ত্রাসীরা বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় তাকে গুলি করে পালিয়ে যায়। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সম্পাদক মাইকেল চাকমা এ ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) প্রধান সন্তু লারমার সন্ত্রাসীদের দায়ী করেছেন। তবে পিসিজেএসএস’র তথ্য ও প্রচার সম্পাদক সচিব চাকমা এই অভিযোগ অস্বীকার করে জানান, দলের অভ্যন্তরীণ বিরোধেই পঞ্চসেন খুন হয়েছেন।
এদিকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন গতকাল খাগড়াছড়ি জেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে বক্তারা অবিলম্বে পঞ্চসেন ত্রিপুরার খুনিদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
