সীতাকুণ্ডে এক আওয়ামী লীগ নেতাকে শুক্রবার রাতে সন্ত্রাসীরা প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। খুন হওয়া শফি (৪২) সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য ও ঐ এলাকার জাহানাবাদ গ্রামের মৃত মোহাম্মদ মিয়ার তৃতীয় পুত্র। এদিকে হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ঐ রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদামবিবিরহাট এলাকায় ব্যারিকেড দেয়। এতে যান চলাচল রাত ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বন্ধ থাকে। পুলিশ বিক্ষুব্ধ জনতাকে হটিয়ে দিলে যান চলাচল পুনরায় শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাত ১০টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী রেলস্টেশন গেট এলাকায় একটি কুলিং কর্ণারের সামনে স্থানীয় কয়েক সন্ত্রাসী শফির উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন ও তার ছেলেরা লাশ বাড়িতে নিয়ে আসে।
খুন হওয়া শফির পুত্র তারেক জানান, স্থানীয় চিহ্নিত কয়েক সন্ত্রাসী তার পিতাকে পিটিয়ে হত্যা করেছে। তার পিতা এলাকার বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তাকে সন্ত্রাসীরা হত্যা করেছে। এছাড়া ঐ সন্ত্রাসীরা পূর্বে তার পিতাকে হত্যা করবে বলে হুমকি দিয়েছিল বলে তিনি জানান।
এদিকে গতকাল শনিবার বিকালে স্থানীয় মসজিদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে হাজারো মানুষ অংশ নেয়। জানাজায় স্থানীয় এমপি ও বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এ বি এম আবুল কাসেম বলেন, শফি আওয়ামী লীগের ত্যাগী নেতা ছিলেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, পূর্বশত্রুতার জের ধরে স্থানীয় কয়েকজন লোকের সাথে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে একে অপরের ওপর হামলা করলে ঘটনাস্থলে শফির মৃত্যু হয়।
