চট্টগ্রামে বিদ্যুত্ বিতরণ লাইনে জরাজীর্ণ বৈদ্যুতিক তার ও ২৫ থেকে ৩০ বছরের পুরনো ট্রান্সফরমার দিয়ে চলছে বিদ্যুত্ বিতরণ। বছরে প্রায় ২০ শতাংশ বিদ্যুতের লোড বাড়লেও জরাজীর্ণ বিতরণ লাইন লোড নিতে পারছে না। সামান্য বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় বিতরণ লাইন ক্ষতিগ্রস্ত হচ্ছে। পিডিবি কর্মকর্তারা জানান, চট্টগ্রাম মহানগরীর বিতরণ লাইন সংস্কারের জন্য প্রস্তাবিত প্রকল্প অর্থ সংকটে ঝুলে রয়েছে। বিতরণ লাইনের করুণ অবস্থার পরিবর্তন না হলে আগামী এক বছর মারাত্মক বিপর্যয় ঘটবে।
পিডিবি সূত্র জানায়, বিতরণ লাইন সংস্কারের সময় অনেক আগেই চলে গেছে। গত কয়েক বছর যাবত্ জোড়াতালি দিয়ে লাইন চালু রাখা হয়েছে। বিতরণ লাইনের দুরবস্থার কারণে পিডিবি’র কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিনিয়ত গ্রাহকদের হাতে লাঞ্ছিত হতে হচ্ছে।
সূত্র জানায়, পিডিবি চট্টগ্রাম অঞ্চলে প্রায় ৪ হাজার বৈদ্যুতিক ট্রান্সফরমার রয়েছে। এর মধ্যে ২৫ থেকে ৩০ বছরের পুরনো ট্রান্সফরমারও রয়েছে। চাহিদা মতো নতুন ট্রান্সফরমারের বরাদ্দ পাওয়া যাচ্ছে না। পুরনো ট্রান্সফরমারগুলো জোড়াতালি দিয়ে বিতরণ লাইন চালু রাখা হয়েছে। মেরামতের কয়েকদিন পর আবার অচল হয়ে পড়ে। নতুন সংযোগের কারণে অনেক লাইনে প্রায় ২০ শতাংশ লোড বেড়েছে। কিন্তু সে তুলনায় বিতরণ লাইন বা ট্রান্সফরমারের কোন পরিবর্তন করা হয়নি।
পিডিবি মাঠ পর্যায়ের কর্মকর্তারা জানান, পরিস্থিতি সামাল দেয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে। একটি ট্রান্সফরমার মেরামতের জন্য কারখানায় পাঠানো হলে সপ্তাহের আগে পাওয়া যায় না। এই সময় অন্য ট্রান্সফরমার থেকে ঐ এলাকায় বিতরণের ব্যবস্থা করতে হয়। এতে লোডশেডিং ও লো ভোল্টেজ বেড়ে যায়।
সূত্র জানায়, ২০০৫ সালে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার বিতরণ লাইন সংস্কার করা হয়। এরপর বিদ্যুতের লোড বেড়েছে প্রায় ৩০ শতাংশ। কিন্তু বিতরণ লাইন সংস্কার করা হয়নি। এ প্রসঙ্গে পিডিবি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী উদয় শেখর দত্ত ইত্তেফাককে বলেন, ‘কয়েক বছর আগে চট্টগ্রাম মেট্রোর বিতরণ লাইন সংস্কারের একটি প্রকল্প বোর্ডের মাধ্যমে মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে। প্রকল্পটি ব্যয়বহুল। কিন্তু অর্থায়নে কোন দাতা সংস্থা পাওয়া যাচ্ছে না।’ এছাড়া ফৌজদারহাট, বাড়বকুন্ড, হাটহাজারী ও মোহরা এলাকার দায়িত্বে থাকা তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজহারুল ইসলাম বলেন, বিতরণ লাইন অনেক পুরনো হয়ে গেছে। আগামী ২/১ বছরের মধ্যে সংস্কার করা না হলে বিদ্যুত্ বিতরণ ব্যবস্থা ভেঙে পড়বে। অন্যদিকে পটিয়া, কক্সবাজার এলাকার দায়িত্বে থাকা তত্ত্বাবধায়ক প্রকৌশলী নজরুল ইসলাম বিদ্যুত্ বিতরণ লাইন নিয়ে একই আশংকার কথা জানান।
