রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫২তম জন্মবর্ষিকীতে কবির ‘শিশু’-চেতনা মনে পড়ছে বার বার। খেয়ালি মহত্ মানুষেরা চিরকাল নিজেকে নিয়ে নানাভাবে হেয়ালি করে থাকেন। রবীন্দ্রনাথ ঠাকুরও তাঁর রচনার মধ্যে কখনো কখনো নিজের শৈশব-কৈশোরের অবদমিত ইচ্ছে-স্বপ্ন-কল্পনাগুলোকে মেলে ধরেছেন। এমনি কাব্য ‘শিশু’; ‘শিশু ভোলানাথ’; ‘খাপছাড়া’ প্রভৃতি। তাঁর এসব কাব্যের ভাবে ও ভাষায় রয়েছে শিশুর সারল্য, নির্মল আনন্দ রসের ধারা, কল্পনার মায়াজাল, নিবেদিত প্রাণের বিনম্রতা, প্রেমময় চিত্তের আকুতি। তিনি যে কথাই বলেন, তা যেন সবার হয়ে ওঠে। আজ আমি বিশেষ করে কবিগুরুর ‘শিশু’ কাব্য থেকে তোমাদের সামনে উপস্থাপন করবো তিনি তোমাদেরও সমমনা সঙ্গী ছিলেন।‘শিশু’ কাব্যের সূচনাতে তাঁর শিশু-চিত্তের অনুভূতি ব্যক্ত হয়েছে এভাবে:
বালুকা দিয়ে বাঁধিছে ঘর
ঝিনুক নিয়ে খেলা
বিপুল নীল সলিল-’পরি
ভাসায় তারা খেলার তরী
আপন হাতে হেলায় গড়ি
পাতায়-গাঁথা ভেলা।
জগত্-পারাবারের তীরে
ছেলেরা করে খেলা।
‘শিশু’ কাব্যে কবি একেবারে শিশুর হূদয় ও দৃষ্টিকে কবিতায় তুলে ধরেছেন। মায়ের কাছে খোকার চিরন্তন প্রশ্ন— ‘এলেম আমি কোথা থেকে/ কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে ।’ মায়ের সেই ছল করে ঘুড়িয়ে বলা—‘ ইচ্ছা হয়ে ছিলি মনের মাঝারে।’ দুষ্টুমিতে পাকা শিশুটিকে নিয়ে পাড়ায় যত অপযশ রটুক তাতে মায়ের কিছু যায় আসে না। তাকে শাসন করার ভারটুকুও মা কাউকে দিতে রাজি নন, কারণ ওইযে মায়ের বুকের ধন। তাই মা গর্ব করেই বলেন —‘তোমার শাসন আমরা মানি নে গো/ শাসন করা তারেই সাজে/ সোহাগ করে যে গো।’ নিয়ম করে পড়তে খোকার বড় বিরক্তি, তার চেয়ে ভালো মিছেমিছি পড়া-পড়া খেলা। তাই সে মাকে এসে নানান প্রশ্নে পাগল করে। মা কেবল মুখ টিপে হাসেন। পাঠশালায় যাবার পথে ফেরিওয়ালা,বাগানের মালী,পাগড়ি পরা পাহারওলা দেখে খোকারও সাধ জাগে অমনি করে ফেরি করতে, বাগানের মালীর মতো ধুলো মাখতে, কখনো বা পাহারাদার হয়ে গলির ধারে রাত জাগতে ইচ্ছে করে।এই খোকাই আবার ছোট বোনটির কাছে হয়ে ওঠে বিজ্ঞ বড়দাদা। খুকিকে পড়াতে বসিয়ে ভয় দেখিয়ে আর শাসন করে সে বেশ মজা পায়। মাকে এসে বলে ‘তোমার খুকি কিচ্ছু বোঝে না মা/ তোমার খুকি ভারি ছেলেমানুষ।’ খোকা বাবার মতো বড় হবে, ছোট ভাইটিকে ‘তুমি ভারি দুষ্টু ছেলে’ বলে বকে দেবে, গুরুমশায় বকলে বলবে ‘খোকা তো আর নেই/ হয়েছি যে বাবার মতো বড়ো।’ বাবার সব ভারি ভারি লেখার সমালোচক খোকা। খোকা মাকে ডেকে বলে ‘বাবা নাকি বই লেখে সব নিজে/ কিছুই বোঝা যায় না লেখেন কী যে’ । খোকার সরল কথা বাবার লেখায় কিচ্ছু নেই। নেই রাজা,রাজপুত্তুর, নেই মজার গপ্প। শিশুর পরিচিত জগত্ সে লেখায় খুঁজে পায় না বলেই সে সবই কেবল কাগজ নষ্ট করা কাজ। ‘বীরপুরুষ’ কবিতা পড়ো নি এমন ক’জন আছে। শিশুর বীরত্ব শক্তিতে নয়, ভক্তিতে পরিপূর্ণ। মাকে সকল বিপদ থেকে রক্ষা করার মধ্যে যে তৃপ্তি, যে আনন্দ তা খোকার সংলাপে উপচে পড়েছে। খোকার পড়ার চেয়ে ভালো লাগে নৌকাযাত্রায় বের হতে, মাঝি হয়ে নৌকা বাইতে, লক্ষ্মণের মতো ভাইকে নিয়ে রামের মতো বনবাসে যেতে। তাই মাকে তার অনুরোধ—‘বড়ো হব, তখন আমি /পড়ব প্রথম পাঠ—/আজ বলো মা, কোথায় আছে/ তেপান্তরের মাঠ।’ ‘বিদায়’ কবিতাটিতে শিশুর লুকোচুরি খেলার মধ্যে নিহিত রয়েছে এক বেদনা মিশ্রিত করুণ ছবি। এ কবিতাটি মনে করিয়ে দেয় কবির সেই গান— ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে’। ছেলেবেলার স্মৃতি বিজড়িত বেশ কিছু কবিতা রয়েছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য — বৃষ্টি পড়ে টাপুর টুপুর, সাত ভাই চম্পা, পরিচয়, বিচ্ছেদ প্রভৃতি। ‘পূজার সাজ’ কবিতায় ধনী আর গরিবের ঘরে পূজার আয়োজনের যে ব্যবধান তা কবিকে ব্যথিত করেছে। শিশু বড়ই অবুঝ। ওরা বোঝে না পিতার সামর্থ। ওদেরও ইচ্ছে করে জরির টুপি, ফুলকাটা সাটিনের জামা গায়ে দিতে। এ কবিতায় বিধু আর মধু দু’ভাই। বিধু বোঝে তারা গরিব, কিন্তু মধুর বোঝার বয়স হয় নি। তাইতো মধুর অভিমান বেশ গভীর। রায়বাবুর করুণার অর্থ তার কাছে অর্থহীন বলে খুব সহজেই রায়বাবুর দেয়া ছেলের সাটিনের জামা গায়ে দিয়ে আনন্দে ঘরে এসেছে, সে বোঝে না ‘ছেঁড়া ধুতি আপনার ঢের বেশি দাম তার/ ভিক্ষা করা সাটিনের চেয়ে’। শিশুদের প্রতি কবিগুরুর অন্তরে যে দুর্বলতম জায়গা রয়েছে, তার প্রকাশ ঘটেছে বেশ কিছু শিশু বিষয়ক রচনায়। কবি ‘শিশু’ কাব্যের শেষ কবিতা ‘আশীর্বাদ’ —এ বিশ্বের সবচেয়ে নির্মল প্রাণ শিশুদের উদ্দেশ্যে আশীর্বচন উচ্চারণ করেছেন:
ধরায় উঠেছে ফুটি শুভ্র প্রাণগুলি
নন্দনের এনেছে সম্বাদ,
ইহাদের করো আশীর্বাদ।
... ... ... ...
রবীন্দ্রনাথ ঠাকুর তাই চির নবীন, চির সবুজ, চির-শিশুও বটে। তাই কবির ইচ্ছে— বাল্য দিয়ে যে-জীবনের/আরম্ভ হয় দিন/ বাল্যে আবার হোক-না তাহা সারা।
