টুথপেস্টে নানা ধরনের স্বাদ আর গন্ধের বৈচিত্র্য এনে সেটিকে আরও আকর্ষণীয় করে তোলার পদ্ধতিটা এখন বেশ পুরোনো। তবে পুরোনো সেই পথে নতুন কোনো সংযোজন না ঘটিয়ে এবার রীতিমতো টুথব্রাশেই নতুন স্বাদের সন্ধান এনে দিয়েছে বিশ্বখ্যাত টুথপেস্ট ব্র্যান্ড কোলগেট। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সম্প্রতি এমন এক ধরনের ব্রাশের জন্য পেটেন্ট আবেদন করা হয়েছে যেটির মাধ্যমে অনায়াসেই ব্যবহারকারীরা পাবেন কফির স্বাদ। ফলে সাত সকালে ঘুম থেকে উঠে যারা কফির তৃষ্ণায় ভোগেন সেইসব মানুষ এখন তাদের প্রিয় কফির স্বাদ কিছুটা হলেও পাবেন টুথব্রাশের মাঝে। তবে তার চেয়েও মজার বিষয় হলো, কোলগেটের উদ্ভাবিত এই প্রযুক্তির মাধ্যমে শুধুমাত্র কফিই নয় বরং চাইলে একইভাবে পাওয়া যাবে পুদিনা বা আপেলের ফ্লেভার। আবার চাইলে চট করে এই টুথব্রাশটিকে পাল্টে ফেলা যাবে ঔষধি গুণাবলী সমৃদ্ধ ব্রাশেও। আর সেক্ষেত্রে প্রয়োজন বোধে শুধু জুড়ে দিতে হবে প্রয়োজনীয় ওষুধের একটি অংশ। প্রাথমিক অবস্থায় এই ব্রাশের সাথে শুধুমাত্র অ্যাসপিরিন জাতীয় ঔষধ বা ডায়েটের জন্য ক্ষুধা নিবারক ঔষধ যুক্ত করা সম্ভব হলেও অদূর ভবিষ্যতে হয়তো আশার আলো দেখা দেবে অন্যান্য ঔষধ যুক্ত করার বিষয়েও-অন্তত এমনটাই আশাবাদ আধুনিক এই ব্রাশের নির্মাতা প্রতিষ্ঠান কোলগেটের। এদিকে এই ব্রাশটি ঠিক কীভাবে এর ব্যবহারকারীকে কফির স্বাদ দেবে সে বিষয়ে গোপনীয়তা অবলম্বন করলেও কোলগেট তাদের পেটেন্ট আবেদনে জানিয়েছে, মূলত ব্রাশের সাথে সংযুক্ত একটি বাড়তি অংশ থেকেই প্রতিবার ব্রাশ করার সময় ধীরে ধীরে কফির ফ্লেভার যেতে থাকবে ব্যবহারকারীর মুখে। এভাবে একবার ব্রাশের সাথে সংযুক্ত ফ্লেভার বা ঔষধ প্রায় তিনমাস ধরে ব্যবহারকারীকে সংশি¬ষ্ট ফ্লেভার বা ঔষধের যোগান দিতে সক্ষম হবে। আর তিনমাস পর ভালো লাগলে এতে খুব সহজেই যুক্ত করা যাবে নতুন কোনো অংশ। আর হ্যাঁ, বর্তমান সময়ে বাজারে পাওয়া যায় এমন অনেক ব্রাশের মতো কোলগেটের আধুনিক এই ব্রাশটিতেও থাকবে ‘টাং ক্লিনার’ বা ‘জিহ্বা পরিস্কারক’ একটি অংশ।
