পপ তারকাদের ক্যারিয়ারের বয়সসীমা নাকি খুব একটা বেশি থাকে না কখনও। তবে এ ক্ষেত্রে পড়শী একেবারে ক্ষুদে গানরাজ হিসেবে শুরু করে এখন বড় বড় তারকাদের সাথে গাইবার কারণে ক্যারিয়ার ইনিংসটা দীর্ঘই পেয়েছেন বলা যায়। আগামী ঈদে পড়শী তার একক অ্যালবাম তৈরির প্রস্তুতি নিচ্ছেন। আর অ্যালবাম বা রেকর্ডিং যাই হোক না কেন সবকিছু দেখভালের দায়িত্বে থাকেন তার মা। এবারেও তার ব্যতিক্রম নেই। গানটুকু ঠিকমতো গাওয়া বাদ দিয়ে বাকি সবটুকুই পড়শীর মা’ই করে থাকেন। পড়শীর কথায়, ‘মা-ই আমার সব। সে না থাকলে আমি এত ঝামেলা বুঝতামও না। এতদূর আসতেও পারতাম না। এত এত স্টেজ শো আর গানের ঝক্কির পাশাপাশি ক্যামব্রিয়ানের ছাত্রী হিসেবে পড়াশোনার চাপটাও কম ছিল না। তবে গান আর পড়াশোর ব্যস্তার দৌড় বুঝি খুব একটা সমান্তরালে চলে না। এ কারণে এবারের এসএসসি রেজাল্টে একটুর জন্য এ প্লাস মিস হয়ে গেছে তার। তবুও উত্তীর্ণ হওয়ার আনন্দ তার ঘরজুড়ে।
এখন পরীক্ষা শেষে বেশ খানিকটা নির্ভার হয়েই কাজ করা যাবে বলে জানান পড়শী। এরই ভেতরে পড়শীর সলো অ্যালবামের কয়েকটা গান কেবল রেকর্ডিং শেষ হয়েছে। তাই এই সময়টা পড়শী আর তার মা দুজনেই ছুটছেন এক স্টুডিও থেকে আরেক স্টুডিওতে।
