নাটক নির্মাণে প্রায় এক যুগেরও বেশি সময় পার করেছেন মাইনুল হোসেন খোকন। বর্তমানে এশিয়ান টেলিভিশনে তার পরিচালনায় ‘জীবন সংসার’ ধারাবাহিকটি শ্রোতা দর্শকদের মহলে ব্যাপক সাড়া জাগিয়েছে। এ ছাড়া ঈদ উপলক্ষেও বেশ কয়েকটি নাটকের কাজ করছেন তিনি। তবে বর্তমানে একটি নাটকের শুটিং বাজেটে একটি মিউজিক ভিডিওর গল্প শুনে অনেকটা অবাক হয়েছেন নির্মাতা খোকন। তার ভাষ্যে, ‘এগুলো মিথ্যে আওয়াজ। তারকারা যা খরচ করেন তার চেয়ে দ্বিগুণ তিনগুণ আওয়াজ তোলেন। এ কারণেই আমি এবারে বেশ কিছু এক্সক্লুসিভ ভিডিও তৈরি করতে চাই। যা খুব শিগগিরই সব কটি চ্যানেলে প্রচার হবে।’
এ ছাড়া বর্তমানে একাধিক তারকাদের শুটিং শিডিউল ফাঁসানো প্রসঙ্গে নির্মাতা খোকন বলেন, ‘এটা আসলে নির্মাতার কিছু অব্যবস্থাপনার কারণেও হয়ে থাকে। আমি প্রায় এক যুগের বেশি সময় ধরে কাজ করছি। আজ অবধি আমার কোনো নাটকে কেউ শিডিউল ফাঁসানোর সাহস পায়নি। তাই এই ঢালাও অভিযোগ আমি মানতে নারাজ।’
উল্লেখ্য, খোকন বর্তমানে তার নিয়মিত ধারাবাহিক সিরিয়াল ‘জীবন সংসার’সহ বেশ কয়েকটি ঈদের নাটকের কাজে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। উত্তরায় তিনি তার নিজের শুটিং হাউজে একটানা তারকা শিডিউল নিয়ে কাজ করছেন।
