অদ্ভুত আঁধার থেকে আলোয়

জয়তু সেলাই দিদিমনি

আপডেট : ১৯ মে ২০১৩, ২০:৩৮
সাভার। ‘রানা প্লাজা’ ট্রাজেডির ১৭তম দিন। শুক্রবার। মাথার ওপর তপ্ত রোদ। লোহায় গড়া হেমার, ভারি ড্রিলমেশিন, বুলডোজার, সেনাবাহিনীর তত্পরতা— ধ্বংসস্তূপে শেষ জঞ্জাল সরাবার ব্যস্ততা। ফাঁক-ফোকর থেকে বের করে আনা হচ্ছিল গলিত-অর্ধগলিত একেকটি মৃতদেহ। পাশেই পিচের রাস্তায় জাগতিক চলাচল, গাড়ির হর্ন, তার ওপারে শেষান্তেও স্বজনের খোঁজ না পাওয়া ব্যথাতুর মুখের উদ্বেল দৃষ্টিপাত। বিকেল সাড়ে তিনটা, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের মোয়াজ্জেম সার্জেন্ট রাজ্জাককে সাথে নিয়ে পরিকল্পনা আঁটছিলেন কি করে গর্তের পানি সরিয়ে সরানো যায় ধ্বংসস্তূপ। আচমকা সার্জেন্ট রাজ্জাকের চোখে পড়ে কিসের যেনো একটা নড়েচড়ে ওঠা। অবিশ্বাস্য! তবু পলকেই স্থির হয় দৃষ্টি, একটা সাদা পাইপ নড়ছে। চিত্কার দিয়ে মোয়াজ্জেমকে জানান, ‘স্যার এখানে কেউ আছে...’। ফুটোর মুখের সুরকি বালি হাবিজাবি সরাতেই দুটি চোখ চিকচিক করতে দেখে আঁতকে ওঠেন সবাই— ‘একটি মেয়ে বাঁচার আকুতি জানাচ্ছে’। নাম জানতে চাইলে জানায়, ‘আমার নাম রেশমা, আমারে বাঁচান’। ততক্ষণে সারা দুনিয়া জেনে যায় এই সেলাইদিদিমনির হূদস্পন্দনের কথা। খুব নির্দিষ্ট করে বললে ১৭ দিন বা ৩৯১ ঘন্টা ৩০ মিনিট পর মৃত্যুপুরী থেকে জীবিত বেরিয়ে আসে রেশমা। জীবন্ত কবরবাসের সুদীর্ঘ সময় পেরিয়ে উদ্ধারকর্মীদের কাঁধে চড়ে দ্বিতীয়বার পৃথিবীর সোনালি আলোয় আসা গোলাপি বেগুনি থ্রিপিসে মোড়ানো ক্লান্ত রেশমা বললেন,‘শরীরে অনেক ব্যথা। আমি খুব কষ্ট করছি। আমি এখন ভালো আছি।’ চারপাশে হারানোকে পাওয়ার হাসি, না পাওয়াকে পাওয়ার ক্রন্দনের মিশেল চোখে জল ঝরায় সবার। জীবন জয়ী হয় জীবনের মায়ায়। ঢাকা সামরিক হাসপাতালে চিকিত্সা চলছে বস্ত্রশিল্পী রেশমার। ১৩ মে সোমবার প্রথমবারের মত মিডিয়ার সম্মুখে অদম্য সাহসী রেশমাকে আনলে ঢুলু ঢুলু চোখ এদিক-সেদিক দেখলেন দু’একবার, ঠোঁট কামড়ালেন। খুব নিচু স্বরে রেশমা জানান, ‘আমি কখনোই কল্পনা করতে পারিনি, বের হতে পারবো। সব আল্লাহর ইচ্ছা। সবসময় আল্লাহকে ডাকছি। সকালবেলা কাজ করতে গেছি। শুনছি যে পিলার ফাটছে, আমরা যেতে চাইনি। স্যাররা বলছে, কিছু হয়নি। পানির জন্য ওয়াল ফেটে গেছে। তোমরা যার যার জায়গায় গিয়ে কাজ করো।’ এরপরে ফ্লোরে উঠে দেখি সবাই চিল্লাইতেছে। না কাজ করা যাবে না। তখন অনেকেই বের হয়ে যেতে চাচ্ছে। একটা আপু বলল, ‘রেশমা তুমি আমার সাথে যাবা? তুমি আমি একসাথে বের হবো।’ আপুর হাত ধরে বের হচ্ছি। তখনই ভবন ভেঙে পড়ে। আর আমার মাথায় পড়ে ইট। আমি অনেকক্ষণ পড়েছিলাম। পরে দেখি, খুব গরম লাগে। খুব আন্ধার, কিছুই দেখা যায় না। কারা যেনো চিল্লাইতেছে। বলতেছে, ‘রেশমা পানি দাও, পানি দাও’। পানি পাব কোথায়। একজন বলে, ‘পানি দাও’। আমি খুঁজলাম, পানি পাই না। পরে রাস্তা খুঁজতে থাকি। কিছুই দেখা যায় না।’ কথাগুলো বলে একটু থামে রেশমা। কি যেনো মনে করার চেষ্টা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানায়, নতুন আলোয় ভালো লাগছে তার। অনেক কিছুই মনে করতে পারছে না। মনে আছে ভেঙে পড়ার দৃশ্য মনে নেই তার। পরের আরো কিছু কথা। খাবার ছিল না তেমন কিছু, চার পিস বিস্কুট আর পানি খেয়ে মরণের সাথে যুদ্ধ, বাঁচার আকুতি, বাঁচার যুদ্ধ। সাথে ছিল অনেকেই। কেউ বাঁচেনি। তারা চিল্লাইছে, বাঁচাও বাঁচাও করেছে। বের হওয়ার পথ পাওয়া যায়নি কোথাও। রেশমা করেছে প্রতিনিয়ত চিত্কার। শুনতে পায়নি কেউ। উপরে ভারি ভারি মেশিনের ঘড় ঘড় শব্দ পেয়ে আশা জেগেছে মনে, এই বুঝি কেউ এলো বাঁচাতে। আশায় সাহস জেগেছিল মরণ তাই পারেনি মারতে। রেশমা বলেন, ‘আর কখনো গার্মেন্টসে কাজ করবো না।’ এর পরে কী করতে চান, প্রশ্নটি শোনার পর আরো বিষণ্ন হয়ে যান রেশমা। ২০১০ সালের জুন মাসে দিনাজপুর থেকে ঢাকায় আসেন রেশমা। চলতি বছরের ২ এপ্রিল ভবন ধসের ২২ দিন আগে রানা প্লাজার ওই কারখানায় যোগ দেন সাতচল্লিশ শ’ টাকা মূল বেতনে। আমাদের মনে ছবির মতো বসে যায় তিলের মতো ছোট ছোট অসংখ্যা দাগের রেশমার মুখটা। বলি, বোন তুমি বেঁচে থাকো বাঁচার প্রেরণা হয়ে। জয়তু পৃথিবীর সব সেলাইশিল্পী, জয়তু সেলাইদিদিমনি।