সবচেয়ে ভাল আন্দোলনও ব্যর্থ হতে পারে অন্তর্দ্বন্দ্বের জন্য। তোমরা এমন একটি সময়ে গ্রাজুয়েশন শেষ করতে চলেছে যখন রাজনৈতিক অস্থিরতা এবং টানাপোড়েন চলছে। এহেন পরিস্থিতি নারীদের এগিয়ে চলার পথে অন্তরায়। এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমি আজ তোমাদেরকে চারটা অস্ত্রের সন্ধান দিয়ে যাবো। আমি যে ছাত্র হিসেবে সমাবর্তনে অংশ নিয়েছিলাম সেই সমাবর্তনের বক্তা ডিক কেভ বলেছিলেন, ‘আমি যখন গ্রাজুয়েশন সম্পন্ন করি তখন আমাদের সাথে কোনো ছাত্রী ছিল না। সেই সময় নারীরা ভ্যাসারে যেত। সেখানে নুড ফটোগ্রাফাররা নারীদেরকে নিয়ে জিমে যেত এবং তাদের ছবি তোলা হত। একদিন এমন ছবিগুলো বাজারে নিলামে তোলা হলো। কিন্তু সেগুলো বিক্রি হয়নি একটিও।’ সেই মুহূর্তটা আমি আজো ভুলিনি। সেদিন আমরা সবাই নির্বাক হয়ে বসেছিলাম। সেদিনের সেই বক্তৃতায় মিস্টার ক্যাভেট তার অজ্ঞাতসারেই নারীদেরকে দেহসর্বস্ব হিসেবে উপস্থাপন করছিলেন তার কথাগুলোতে। আমি এটা মানতে পরিনি। সেদিনের সেই বিকেলে উপস্থিত পুরুষরা হয়তো তাদের ক্ষমতার গৌরবে ভেসেছিল কিন্তু আমরা যারা নারীরা উপস্থিত ছিলাম, লজ্জায় মাথা নত করেছিলাম অসহায়ের মতো। নিজেদেরকে নিঃস্ব মনে হচ্ছিল। আমি তোমাদেরকে যে চারটা বার্তা দিতে চেয়েছিলাম তা হলো—
এক. নতুন করে নারীত্বের সংজ্ঞা সম্পর্কে জানো। সাধারণত কোনো নারীকে কখন বলা হয় যে সে ‘নারী হয়ে উঠেছে’? যখন কোনো নারী তার সতীত্ব হারায় তখন কিংবা যখন সন্তানের জন্ম দেয় তখনই বলা হয় সে পরিপূর্ণ নারী হয়ে উঠেছে। কিন্তু একজন পুরুষের ক্ষেত্রে ব্যাপারটা এমন না। যখন কোনো পুরুষ দায়িত্ব গ্রহণ করতে শুরু করে তখন তাকে বলা হয় ‘তুমি পুরুষ হয়ে উঠছো’। আজকে তোমরা যারা ছাত্রীরা উপস্থিত আছো মনে রাখবে, তোমাদের ছেলে সহপাঠীদের মতোই তোমরাও দায়িত্ব এবং যোগ্যতার সাথে গ্রাজুয়েশন সম্পন্ন করায় তোমরাও পরিপক্বতা লাভ করেছ। একজন নারীও তার যোগ্যতা, মেধা এবং পরিশ্রমের দ্বারাই যোগ্য হয়ে উঠতে পারে এবং পরিপূর্ণ নারী হতে পারে। ইতোমধ্যে তোমরা অনেক মনোবল দেখিয়েছ। আমাদের দেশে এখনো অনেকে ছাত্রী ধর্ষণের শিকার হয়। তারপরও ঝুঁকি নিয়ে তোমরা পড়াশুনা শেষ করেছ। অনেকে অনেক রকমের বাধা পেরিয়েই আজকের এই অবস্থানে আসতে পেরেছ। তাই বলবো, ইতোমধ্যেই তোমরা ‘পরিপূর্ণ নারী’ হয়ে উঠেছ।
দুই. বিয়ের জন্য ছেলেপক্ষ কোন পেশাকে গুরুত্ব দেবে সেটা না ভেবে যে কাজে তৃপ্তি আসে সেই কাজটিই বেছে নাও। বিশেষ প্রশিক্ষণও নিতে পারো তার জন্য। উচ্চতর পর্যায়ে গিয়ে যাতে প্রতিযোগিতায় নিজেকে সফল দেখতে পাও সেভাবে নিজেকে প্রস্তুত করো। অর্থ, বল অর্জন করো। তোমার হাতে ক্ষমতা নিজে থেকেই আসবে। মনে রাখবে তোমার এই গ্রাজুয়েশনের সার্টিফিকেট শুধু তোমার একার না। তোমাকে অন্যের জন্য কাজ করতে হবে। তুমি নিজে প্রতিষ্ঠিত হয়ে অন্যের জন্য সুযোগ সৃষ্টি করো।
তিন. এমন কারো জন্য রান্না করো না যে নিয়মিত তোমাকে হেয় করে।
চার. ভার্জিনিয়া উলফ্ একবার লিখেছিলেন, আমাদেরকে অবশ্যই ঘরে দেবদূত হতে হবে; তবে কিছু শর্ত সাপেক্ষে। অনেক তরুণীর কাছে আমি ধর্ষণ এবং ক্যাম্পাসে যৌন হয়রানির কথা শুনেছি। এগুলোর বিরুদ্ধে তোমাদেরকে প্রতিবাদ গড়ে তুলতে হবে। চুপ করে বসে থেকে ভাল মানুষ হওয়ার চেষ্টা করলে নিজের ক্ষতিই ডেকে আনা হবে তাতে। প্রতিবাদী হও। তোমাদেরকে কেউ কেউ অনারীসুলভ বলে কটুক্তি করতে পারে। কিন্তু সেদিকে কান দিও না। এই কাজগুলো করতে গিয়ে তোমরা হয়ত তোমাদের কোনো কোনো বন্ধুকে হারাতে পারো। কিন্তু চিন্তা করো না নিজেদের এই দর্শনের প্রেমে নিজেরাই পড়বে এবং হারানো ওই বন্ধুদের জন্য আর মন খারাপ হবে না।
মহিলা অঙ্গন প্রতিবেদক
