আখি কায়কোবাদ (৩৫)। টিভি সেটের সামনে বসে যখন দেখছিলেন এদেশের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা ‘সাভার দুর্ঘটনা’র গা শিহরে ওঠা একেকটি দৃশ্য এবং এসব দেখার পর আখি কায়কোবাদের খাওয়া-দাওয়া-ঘুম সবই থেমে যায়। সারাদিন টিভির সামনে বসে এসব দেখে আর নামাজ পড়ে দোয়া করে। কিন্তু এতেও আখির মন শান্ত হয় না। গৃহিনী আখি ঘরে বসে ভাবে কিভাবে তার নিজের মত করে সাভার দুর্ঘটনাকবলিত অসুস্থ মানুষগুলোকে সাহায্য করবে সে। ভাবতে ভাবতে একসময় চাকরিজীবী স্বামীর কাছে সাভার ঘটনা নিয়ে তার অশান্ত মনের কথাগুলো বলে। সব শুনে স্বামী তাকে বলে- সাভার রানা প্লাজা ঘুরে আসতে। খুশি মনে আখি নিজের জমানো ৩০ হাজার টাকা সাথে নিয়ে সাভারে যায়। সাভারের অধরচন্দ্র মাঠে যায় এবং মৃত মানুষের আত্মীয়দের তার সামর্থ্য অনুযায়ী সাহায্য করে তাদের মাথায় হাত বুলিয়ে নানা সান্ত্বনার কথা বলে। সাভার এনাম মেডিক্যালে ভর্তি থাকা যতগুলো পুরুষ ও মহিলা পঙ্গু এবং অসুস্থ রোগী আছে তাদের সাধ্যানুযায়ী টাকা সাহায্য করেন। সারাদিন এনাম মেডিক্যালের প্রায় প্রতিটি রোগীকে যে যা খেতে চায় তা নিজের হাতে খাওয়ান। মাথায় হাত বুলিয়ে দেন। গা, মাথা ধুয়ে দেন। এভাবে সারাদিন আখি সাভার দুর্ঘটনায় এনাম হাসপাতালে ভর্তি রোগীদের মাঝে একদিন কাটান। আখি কায়কোবাদ বলেন, বুকের ভিতরটা একটু হালকা লাগছে যে এই দুঃখী মানুষগুলোর জন্য সামান্য কিছু করতে পেরেছি আমার নিজ হাতে। তাদের কষ্টের তুলনায় আমার এই হাতের সাহায্য খুবই সামান্য। তারপরও আমার হাত এই অসুস্থ মানুষের মাথায় রেখে আমি শান্তি পাচ্ছি। আখির এইচএসসি পর্যন্ত পড়ার পর বিয়ে হয়েছে। সংসার জীবনে ২৬ জন সদস্যের যৌথ পরিবার। ৮৫ বছর বয়সী শাশুড়ী নিয়ে বিশাল সংসার। তারপরও সংসার সামলে একা একা ছুটে এসেছেন দুঃখী মানুষের পাশে কিছু সময় থেকে নিজের মনের শান্তি খুঁজে পেতে। দুর্ঘটনাস্থলে যাওয়ার জন্য প্রতিবেশী অনেক নারীকে তিনি অনুরোধ করেছেন সাথে যাওয়ার জন্য কিন্তু কেউ লাশের গন্ধে যেতে রাজি হয়নি।
