পথে পথে জীবন

বাসের হেলপার ইভা

আপডেট : ১৯ মে ২০১৩, ২০:৪১
বাসটি যাচ্ছিল মিরপুর থেকে মতিঝিল। টিকেট কাটা, যাত্রীদের কার্ড পাঞ্চ করে ভাড়া পরিশোধ করা আবার গন্তব্যে নামিয়ে দেয়ার কাজটি করছিলেন একজন নারী। সদা হাস্যোজ্জ্বল ফাতেমা কৃষ্ণবর্ণ হলেও তার মুখে যেন সারাক্ষণ লাবণ্য লুটোপুটি খায়। ব্যস্ততার ফাঁকে ফাঁকে কথা হয় তার সাথে। নাম তার ফাতেমা আক্তার ইভা। নিজের আর মেয়ের জীবন বাঁচাতে সোয়ার হয়েছেন বিআরটিসি বাসে। প্রথমেই বলেন বাসের হেলপার হওয়ার কোন ইচ্ছাই তার ছিল না । তবে হেলপার হয়ে খারপ লাগছে না। বরিশালের নাজীরপুর উপজেলার ছোট্ট একটি গ্রামের দারিদ্র্যপীড়িত কৃষক কন্যা ইভা। ৪ ভাই-বোনের সংসারে দারিদ্র্যতার দৈন্যদশায় ৭ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা শেষে জীবনের তাগিদে ঢাকা শহরে পাড়ি জমায়। মিরপুরের একটি পোশাক কারখানায় কাজ করার সুবাদে সেখানের এক সহকর্মীকে ভালবেসে বিয়ে করে। কিন্তু বিয়ের ছ’মাস যেতে না যেতে সন্তান সম্ভাব্য ইভাকে রেখে অন্যত্র পালিয়ে যায় অর্থলোভী স্বামী। শুরু হয় তার বেঁচে থাকার কঠিন লড়াই। সন্তানকে মা-বাবার কাছে রেখে মিরপুরের স্থানীয় এক হূদয়বান ব্যক্তির সহায়তায় বিআরটিসি সরকারি মহিলা বাসে হেলপারের কাজ শুরু করেন। ৫ হাজার টাকা মাসিক বেতনে মা ও মেয়ের মোটামুটিভাবে চলে যায়। সপ্তাহে দুইদিন বন্ধ থাকে, বাকি ৫ দিন খুব প্রাণবন্তভাবে কেটে যায় যাত্রীদের সাথে। কাজের শুরুর দিকে বিভিন্ন স্টেশন সম্পর্কে ভাল ধারণা না থাকায় কিছুটা বিড়ম্বনা পোহাতে হলেও এখন খুব ভালভাবে তার দায়িত্ব পালন করছেন ইভা। এ পেশায় তার কোন লজ্জাবোধ নেই বরং গর্ববোধ করেন, যে একজন নারী হিসেবে একটি বাসের হেলপারের কাজ করে মেয়েকে নিয়ে বেেঁচ আছেন। মেয়েকে পড়াশুনা করানোর স্বপ্ন দেখেন ইভা। তার মতে, কোন কাজকে লজ্জা বা ছোট করে দেখা উচিত নয়। যে দেশের নারী প্রধানমন্ত্রী, যে দেশের মেয়েরা হিমালয়ে যেতে পারে, সে দেশের নারীরা বাসের হেলপার হওয়া দোষের কিছু নয় বরং সম্মানের।