‘মুক্তিযোদ্ধারা স্বাধীনতা বিরোধীদের সাথে কখনো আপস করে না’

আপডেট : ১৯ মে ২০১৩, ২০:৫৯
চট্টগ্রামে একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের জনতা ব্যাংকের পক্ষ থেকে প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা স্বাধীনতা বিরোধীদের সাথে কখনো আপস করে না। মুক্তিযোদ্ধারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পাহারাদার। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যাংকার, সাংস্কৃতিকর্মী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ চট্টগ্রামের বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা ব্যাংকের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর এ কে এম আশরাফ উদ্দিন খান। সংবর্ধিত মুক্তিযোদ্ধারা হলেন- লে. কর্নেল অব. জিয়াউদ্দিন আহমেদ বীর উত্তম, আবু তাহের মাহমুদ সালাউদ্দিন বীর প্রতীক, মুক্তিযোদ্ধা সাহেব আহাম্মদ, নেভেল কমন্ডার খোরশেদ আলম বীর প্রতীক। গত শনিবার হোটেল আগ্রাবাদের ইছামতি হল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক বেলাল মোহাম্মদ। উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও জনতা ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারাকাত, চট্টগ্রাম জেলা প্রশাসক আবদুল মান্নান, জনতা ব্যাংকের পরিচালক মো. ইমদাদুল হক, নাগিবুল ইসলাম দীপু প্রমুখ। সংবর্ধনা প্রদান উপলক্ষে জনতা ব্যাংকের জরিপে প্রাপ্ত ৬৭৬ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের স্মৃতি-কীর্তি স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ‘একাত্তরে বীরযোদ্ধাদের অবিস্মরণীয় জীবন গাঁথা : খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সম্মাননা’ স্মারকগ্রন্থ প্রকাশ করা হয়।