নারায়ণগঞ্জের সন্ত্রাসীদের রুখে দাঁড়ানোর আহবান লোহানী ও আইভীর

আপডেট : ১৯ মে ২০১৩, ২০:৫৯
নারায়ণগঞ্জের সন্ত্রাসীদের রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বিশিষ্ট কলামিস্ট কামাল লোহানী এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। তারা বলেছেন, জেলার মানুষ এগিয়ে আসলে সন্ত্রাসী আর গডফাদাররা পালানোর পথ পাবে না। শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে গত শনিবার মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর খুনীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে ‘সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ’র গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধনী সমাবেশে তারা এ কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি হিসাবে কামাল লোহানী প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনি যেভাবে মাত্র কয়েক মিনিটের মধ্যে ঢাকায় শাপলা চত্বরে অবস্থান নেয়া হাজার হাজার হেফাজতীকে বিতাড়িত করেছিলেন, ঠিক সেইভাবে ত্বকীর হত্যাকারীরা গ্রেফতার হচ্ছে না কেন? উদ্বোধকের বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত্ আইভী বলেন, আমি বেঁচে থাকতে নারায়ণগঞ্জকে খুনের নগরীতে পরিণত হতে দিব না। এখনো অনেকে চাষাঢ়ায় আসতে ভয় পায়। অনেক মানুষ নির্দেশের অপেক্ষায় আছে। কিন্তু আমরা আইন হাতে তুলে নিতে চাই না। আমরা আর কোনো ত্বকী, আশিককে হারাতে চাই না। সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব হালিম আজাদ।