বাজেট প্রত্যাশায় শেয়ারবাজারে লেনদেন বাড়ছে

আপডেট : ১৯ মে ২০১৩, ২১:১০
আসন্ন বাজেটে শেয়ারবাজারের জন্য ইতিবাচক পদক্ষেপ থাকবে এমন প্রত্যাশায় বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। যার প্রভাব পড়েছে লেনদেনে। গতকাল রবিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৫৩৮ কোটি টাকা। যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজেট প্রত্যাশার পাশাপাশি বেশ কিছু কোম্পানির প্রথম প্রান্তিকের মুনাফা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ভালো হয়েছে। যা বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে। ডিএসই’র তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৯৯ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৮৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সাধারণ মূল্যসূচক ৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ মূল্যসূচক বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪১০ পয়েন্টে। ডিএসইতে লেনদেন হয়েছে ৫৩৮ কোটি ৫৭ লাখ ৮৬ হাজার টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ১৪২ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৮৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৩৫টির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদেনর ইতিবাচক ফল হিসেবে বাজারে ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। এছাড়া বাজেটের প্রত্যাশাও রয়েছে। ফলে বাজারে গত ৫৭ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। লেনদেনে এগিয়ে ছিল জ্বালানি খাত। এ খাতে লেনদেন হয়েছে মোট লেনদেনের ১৪ দশমিক ১৮ শতাংশ। এরপরই রয়েছে পোশাক খাত। এ খাতের লেনদেন হলো মোট লেনদেনের ১৩ দশমিক ৫৫ শতাংশ। তবে কোম্পানি হিসেবে লেনদেনের ক্ষেত্রে এগিয়ে ছিল ওরিয়ন ফার্মা। এ প্রতিষ্ঠানটির লেনদেন হয়েছে ৩১ কোটি ৭২ লাখ টাকা। আর দাম বাড়ার ক্ষেত্রে এগিয়ে ছিল অব্যাংক আর্থিক প্রতিষ্ঠান। এ খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়েছে ৫ দশমিক ৩৩ শতাংশ।