এনবিআরে ডিএসই’র বাজেট প্রস্তাব পেশ

লভ্যাংশে উত্স কর প্রত্যাহারের দাবি

আপডেট : ১৯ মে ২০১৩, ২১:১০
আগামী ২০১৩-১৪ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় শেয়ারবাজারের বিনিয়োগকারীদের লভ্যাংশের উপর উত্স আয়কর প্রত্যাহারের আবেদন জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এর পক্ষে যুক্তি দেখিয়ে ডিএসই বলেছে, তালিকাভুক্ত প্রত্যেক কোম্পানি তার মুনাফার উপর নির্ধারিত হারে কর দেয়। এই আয় থেকেই লভ্যাংশ দেয়া হয়। ফলে লভ্যাংশে উেস কর থাকলে একই আয়ের জন্য দুই বার কর দিতে হয়, যা দ্বৈত করের শামিল। তাছাড়া এমনিতেই শেয়ারবাজারে দীর্ঘ মন্দার কারণে ক্ষুদ্র বিনিয়োগকারীরা হিমশিম খেয়ে যাচ্ছে। লভ্যাংশে উেস কর প্রত্যাহার হলে তারা একটু স্বস্তি পাবেন। এছাড়া কোম্পানিগুলোর লভ্যাংশ বিতরণ সক্ষমতাও বাড়বে। গতকাল রবিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সভাকক্ষে প্রাক বাজেট আলোচনায় এসব প্রস্তাব তুলে ধরা হয়। এসময় ডিএসই প্রেসিডেন্ট রকিবুর রহমান, ভাইস প্রেসিডেন্ট আহমেদ রশীদ লালী এবং সিইও স্বপন কুমার বালাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। জানা গেছে, বর্তমানে প্রবাসী ব্যক্তি বিনিয়োগকারীর ক্ষেত্রে লভ্যাংশের উপর ২৫ শতাংশ উেস কর কেটে রাখা হয়। দেশীয় ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীর ক্ষেত্রে উেস কর কাটা হয় ১০ শতাংশ হারে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের লভ্যাংশ আয়ে উেস কর কাটা হয় ২০ শতাংশ। লভ্যাংশ বিতরণের সময় সংশ্লিষ্ট কোম্পানি প্রযোজ্য কর কেটে রাখে। ডিএসই’র দেয়া অন্য প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে ৫০ হাজার টাকা পর্যন্ত লভ্যাংশ আয় করমুক্ত রাখা, পুঁজিবাজারে নতুন বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে কর প্রণোদনা ও বিশেষ স্কিম গঠন, দীর্ঘমেয়াদি বিনিয়োগকে উত্সাহিত করতে মূলধনী মুনাফা কর হার পুনর্বিন্যাস, অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ অব্যাহত রাখা এবং পুঁজিবাজারের জন্য ৫ হাজার কোটি টাকার তহবিল বরাদ্দ দেয়া। ডিএসই’র প্রস্তাব উপস্থাপনের পর এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন বলেন, আগামী বাজেটের জন্য ডিএসই’র দেয়া দাবিগুলো গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।