‘টাকা পাঠাই ফোনে ফোনে’ শ্লোগান নিয়ে মোবাইল ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে এনসিসি ব্যাংক। ‘এনসিসিবি শিওর ক্যাশ’ নামে এ সেবার মাধ্যমে এখন থেকে গ্রাহকরা মোবাইল ফোনেই ব্যাংক একাউন্টের যাবতীয় খোঁজ-খবর সংগ্রহ ও লেনদেন করতে পারবেন।
গতকাল রাজধানীর একটি হোটেলে এ সেবার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিয়োজিত কানাডার রাষ্ট্রদূত হেদার ক্রুডেন ও ব্যাংকটির চেয়ারম্যান মো. নুরুন নেওয়াজ সেলিম। বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিন। শিওর ক্যাশ পরিচালনায় প্রযুক্তিগত সহায়তাকারী প্রতিষ্ঠান প্রগতি সিস্টেমসের প্রধান নির্বাহী ড. শাহাদত হোসেনসহ এনসিসি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গভর্নর বলেন, মোবাইল ব্যাংকিং-এর জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদনপ্রাপ্ত ২৫টি ব্যাংকের মধ্যে এনসিসি ব্যাংকসহ ১৭টি ব্যাংক এ সেবা চালু করল। এসব ব্যাংক সারা দেশে ৭০ হাজার এজেন্ট নিয়োগ করেছে। আর ৫০ লাখ গ্রাহক প্রতি মাসে তিন হাজার কোটি টাকার লেনদেন করছেন। প্রতি মাসেই প্রায় ২০ শতাংশ হারে মোবাইল ব্যাংকিং সেবা গ্রহীতার সংখ্যা বাড়ছে। এতে বাড়ছে কর্মসংস্থান।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন বলেন, শিওর ক্যাশের মাধ্যমে সব শ্রেণির মানুষ সহজে টাকা জমা দেয়া, তোলা ও একস্থান থেকে অন্যস্থানে টাকা পাঠানোর কাজ করতে পারবেন। এছাড়া এর মাধ্যমে বেতন গ্রহণ ও বিভিন্ন ধরনের বিল পরিশোধসহ বৈদেশিক রেমিটেন্স আহরণ করা যাবে।
