সৈয়দ সাইফুল করিম, মিরপুর ১,ঢাকা ১২১৬

রাস্তা পাকা করার আবেদন

আপডেট : ১৯ মে ২০১৩, ২১:৪৭
আমরা ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ভুলুনদিয়া গ্রামের দক্ষিণ পাড়ার বাসিন্দা। দীর্ঘদিন ধরে আমাদের পাড়ার রাস্তাটি (আঃ গনি মন্ডলের বাড়ি থেকে আইন উদ্দীনের বাড়ি পর্যন্ত) পাকা না হওয়ায় ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। এই রাস্তাটিই কিত্তিনগর ও ভুলুনদিয়া গ্রামের কৃষকদের মাঠ থেকে ফসল আনার একমাত্র রাস্তা। এছাড়াও ছেলে-মেয়েদের স্কুলে যাতায়াত ও এই রাস্তার সঙ্গে গ্রামের একমাত্র মসজিদ হওয়ায় গ্রামের ধর্মপ্রাণ মানুষদের কাদা মাড়িয়ে মসজিদে আসতে হয়। ফলে গ্রামের মানুষকে চরম দুর্ভোগ ভোগ করতে হচ্ছে। সম্প্রতি কিত্তিনগর কেএমপি খালের সেতু থেকে ভুলুন্দিয়া গ্রামের আঃ গনি মন্ডলের বাড়ি পর্যন্ত রাস্তা পাকা করার অনুমোদন হয়েছে। আ. গনি মন্ডলের বাড়ি থেকে দক্ষিণে আইন উদ্দীনের বাড়ি পর্যন্ত প্রায় ৪০০ মিটার রাস্তা পাকা করা হলে দুটি গ্রামের মানুষ দুর্বিষহ কষ্ট থেকে পরিত্রাণ পাবে। এ ব্যাপারে আশু ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মো. কামরুজ্জামান, কাতলাগাড়ী, শৈলকুপা, ঝিনাইদহ