বড় চ্যালেঞ্জ নওয়াজের সামনে

আপডেট : ১৯ মে ২০১৩, ২১:৫০
গণতন্ত্র প্রতিষ্ঠার এক শুভক্ষণ পার করছে পাকিস্তান। ১৯৪৭ সালের পর দেশটিতে সেনা অভ্যুত্থানসহ নানা কারণে কোনো সরকারই মেয়াদ পূর্ণ করতে পারেনি। তবে এবারে তার ব্যতিক্রম। নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের ক্ষমতার হস্তান্তর হচ্ছে আরেক গণতান্ত্রিক সরকারের হাতে। আর দেশটির ইতিহাসে নওয়াজ শরীফই হচ্ছেন তৃতীয় মেয়াদের প্রধানমন্ত্রী। তবে ইতিহাসের অংশ হওয়া নওয়াজকে এবার দায়িত্ব পালন করতে গিয়ে পড়তে হচ্ছে কঠিন চ্যালেঞ্জের মুখে। নির্বাচন আয়োজক তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণের আগে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ক্ষমতায় ছিলো। কিন্তু তারা জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তাদের বিরুদ্ধে নির্বাচনের আগে যে সমালোচনার ঝড় উঠেছিলে তাতেই বোঝা যাচ্ছিলো এ নির্বাচনে দলটির ভরাডুবি হবে। গত পাঁচ বছরে দুর্নীতির অভিযোগ পিছু ছাড়েনি পিপিপিকে। তাদের মেয়াদে পাকিস্তানের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক উন্নতি উল্টো পথে হেঁটেছে। দ্রব্যমূল্য, বেকারত্ব, দরিদ্রতা বৃদ্ধি, পানি, বিদ্যুত্ সেবা ব্যবস্থা ভেঙে পড়া, সব মিলিয়ে পাকিস্তানিদের জীবন দুঃসহ জায়গায় এসে ঠেকেছিলো। এছাড়া জঙ্গি হামলার ঘটনাও বেড়েছে ব্যাপকহারে। এ অবস্থায় নির্বাচনের মাধ্যমে পরিবর্তন আনতে চেয়েছে পাকিস্তানিরা। পিপিপি’র দুর্নীতি ও ব্যর্থতার কারণে নওয়াজ শরীফের মুসলিম লীগ ও ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ নির্বাচনে ভালো করবে এটাই স্বাভাবিক ছিলো। কিন্তু ইমরান খানের দল এমনিতেই নতুন এবং জনপ্রিয়তা হলো নগরকেন্দ্রীক। গ্রামে-গঞ্জে তার দলের জনপ্রিয়তা সেইভাবে বিস্তার লাভ করেনি। তাই তাদের বিজয়ী সম্ভাবনা কমই ছিলো। অন্যদিকে, নওয়াজ শরীফ আগে দুইবার প্রধানমন্ত্রী ছিলেন। ইমরানের দলের চেয়ে তার দলের জনপ্রিয়তা ও বিস্তৃতি অনেক বেশি। এ কারণে নওয়াজের দল একটু বেশিই এগিয়ে ছিলো। তাদের জয়ে বেশি লোক অবাক হয়নি। আর পাকিস্তানের পরিবর্তনের আকাঙ্ক্ষার সে দায়িত্ব বর্তেছে নওয়াজ শরীফের উপর। তাই তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাওয়া নওয়াজ শরীফের সামনে রয়েছে সন্ত্রাসী তত্পরতা, ভারতের সঙ্গে সম্পর্ক, অর্থনৈতিক দুরবস্থা, বিদ্যুত্ সংকট, বেকারত্বসহ ব্যাপক চ্যালেঞ্জ। পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা অবশ্যই এবারের নির্বাচনের অন্যতম ইস্যু ছিলো। নির্বাচনের আগে নওয়াজ শরীফ বলেছেন, সন্ত্রাসবাদীদের সঙ্গে কোনো আপোস তিনি করবেন না। কিন্তু তালেবানদের সঙ্গে আলাপ-আলোচনায় বসতে হবে। আলাপ-আলোচনার মাধ্যমে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার একটা ব্যবস্থা করতে হবে। কারণ তিনি হয়তো বুঝতে পেরেছেন তাদের সঙ্গে লড়াই করে শান্তি ফিরিয়ে আনা কঠিন হবে। তিনি বলেছেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় সব দলকে নিয়ে একটি জাতীয় নীতিমালা প্রণয়নের পরিকল্পনা রয়েছে তার। পৃথিবীর যেকোনো রাষ্ট্রের সঙ্গে ঝামেলা এড়াতে কাউকেই কখনো পাকিস্তানের মাটি ব্যবহার করতে দেবেন না তিনি। আর ক্ষমতায় গেলে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে সহায়তা বন্ধ করবেন। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়টি ঠিকভাবে নেবে বলে মনে করেন না বিশ্লেষকরা। নওয়াজের এমন বক্তব্যে যুক্তরাষ্ট্র কিছুটা হলেও উদ্বিগ্ন হবে। এর অন্যতম কারণ হচ্ছে, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে আফগানিস্তানে এখনো অনেক মার্কিন ও ন্যাটো সেনারা রয়েছেন। দেড় বছরের মধ্যে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের বেশির ভাগ সেনা সরিয়ে নেবে। তখন আফগানিস্তানের পরিস্থিতি কী হবে যুক্তরাষ্ট্রের জন্য মূল চিন্তার বিষয় সেটি। তাই মার্কিন সেনারা চলে গেলে পাকিস্তানের কী ভূমিকা হবে সেটাই নির্ধারণ করতে চাইবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার ব্যাপারে নওয়াজ বলেন, ড্রোন হামলা বন্ধে মার্কিন প্রশাসনকে রাজি করানোর চেষ্টা করবেন। তার সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নের ওপর জোর দেবে। তবে এক্ষেত্রে একটি বিষয় এখানে বিবেচনায় নিতে হবে তা হলো অতীতে নওয়াজ শরীফের দল ক্ষমতায় থাকাকালে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের একটি কার্যকর সম্পর্ক ছিলো। সে ধরনের সম্পর্ক যে ভবিষ্যতে গড়ে উঠবে না সে কথা এ মুহূর্তে বলা কঠিন। তবে নওয়াজের আমলেও যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্ক অনেক গুরুত্ব বহন করবে। সেটা কোন পথে এগিয়ে নিতে হবে তা নির্দিষ্ট করাটাই নওয়াজের জন্য চ্যালেঞ্জ। নওয়াজ দায়িত্ব গ্রহণের পর ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নের চেষ্টা করবেন এ ঘোষণা তিনি আগেই দিয়েছেন। তিনি তার শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে আমন্ত্রণ জানাতে চেয়েছেন। দায়িত্ব পালনকালে দুই দেশের সম্পর্ক উন্নয়নও হবে তার জন্য আরেক চ্যালেঞ্জ। যদিও পাকিস্তানের কিছুসংখ্যক লোক এ ব্যাপারে আনন্দিত নন। তবে ভারতীয়রা মনে করে নওয়াজ শরীফ ক্ষমায় আসলে দুই দেশের সম্পর্ক জোরদারের সুযোগ সৃষ্টি হবে। ১৯৯৯ সালে ক্ষমতাচ্যুত হওয়ার আগেও নয়াদিল্লির সঙ্গে বিদ্যমান বিবাদ নিরসনে চেষ্টা করেছেন তিনি। নির্বাচনে জয়ের পর নওয়াজ শরীফ বলেন, আমরা যেখানে শেষ করেছি, সেখান থেকেই আবারো শুরু করতে চাই। কাশ্মীরসহ দুই দেশের মধ্যে অমীমাংসিত ইস্যুগুলোর শান্তিপূর্ণ সমাধানে আমরা এগিয়ে যেতে চাই। ১৯৯৯ সালে জেনারেল পারভেজ মোশাররফের অভ্যুত্থানে ক্ষমতা হারানো নওয়াজ শরীফ ১৪ বছর পর আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন। নির্বাচনের আগে বিভিন্ন প্রচারণায় ও গণমাধ্যমকে দেয়া সাক্ষাত্কারে নওয়াজ শরীফ সেনাবাহিনী নিয়ে কিছু কথা বলেছেন। ভারতের টেলিভিশন চ্যানেল এনডিটিভিকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছিলেন, বেসামরিক সরকারের কাছেই মূল ক্ষমতা থাকবে। সেনা প্রধান নন বরং প্রধানমন্ত্রী হবেন সব ক্ষমতার উত্স। হয়তো এ কথা বলার পেছনে একটি তাত্পর্য রয়েছে। প্রথমবারের মতো সেনাবাহিনীর হস্তক্ষেপ ছাড়াই পাকিস্তানের ক্ষমতার হাত বদল হয়েছে। বলা যায় এক ধরনের নতুন পাকিস্তান যাত্রা শুরু করেছে। বিশ্লেষকরা বলছেন, গত কয়েক বছরে পাকিস্তানের সেনাবাহিনী রাজনৈতিক কর্মকান্ড থেকে হাত গুটিয়ে রেখেছে। তারা অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তার করতে চায় না। তবে পাকিস্তানে তাদের প্রভাব এখনো রয়েছে। নওয়াজ শরীফ যখন সর্বশেষ ক্ষমতায় ছিলেন তখন তাকে ক্ষমতাচ্যুত করেন জেনারেল পারভেজ মোশাররফ। সেই পারভেজ মোশাররফ এখন কারাবন্দি। এর মধ্যে আবার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নওয়াজ। এটি সেনাবাহিনী ও রাজনীতিকদের সম্পর্কে একটি অভাবনীয় পরিবর্তন। তবে এ পরিবর্তন যে কতটা ফলপ্রসূ হবে সেটা এখনই বলা কঠিন। কিন্তু এটা বলা যায়, দেশটির সেনাবাহিনী এ মুহূর্তে পাকিস্তানের ক্ষমতা গ্রহণ করতে চায় না। নওয়াজ এক্ষেত্রে একটু দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। শাসন ক্ষমতায় এসব চ্যালেঞ্জ ছাড়াও নওয়াজের সামনে রয়েছে বেলুচিস্তান সংকটসহ বিপর্যস্ত জ্বালানি খাত। দুর্নীতি যেন চরমে পৌঁছেছে। দেশকে দুর্নীতিমুক্ত করা এবং দুর্বল অর্থনীতিকে চাঙা করতে এখন বড় বড় সংস্কার কর্মসূচি হাতে নিতে হবে তাকে। নিতে হতে পারে সরকারি ব্যয় কাটছাঁটের মতো ঝুঁকিপূর্ণ পদক্ষেপও। ইতিমধ্যে নওয়াজ বলেছেন, তার সরকারের প্রধান কাজই হবে অর্থনীতিক পুনরুদ্ধার। তার আমলেই অর্থনীতিতে শক্তিশালী পাকিস্তান পরিণত হবে এশীয় বাঘে। অর্থনৈতিক রাজনৈতিক, নিরাপত্তা বিষয়ক, যেসব চ্যালেঞ্জ রয়েছে আগামী পাঁচ বছরে যে তা মোকাবেলা করা সম্ভব হবে সেটা মনে করা কঠিন। তবে নওয়াজ শরীফের পক্ষে এটা বলা যেতে পারে এর আগে তিনি দুইবার ক্ষমতায় ছিলেন, নীতি-নির্ধারণ করেছেন এবং সেগুলো বাস্তবায়নও করেছেন। তার কিছু নির্দিষ্ট দৃষ্টিভঙ্গিও রয়েছে। চ্যালেঞ্জ মোকাবিলায় এগুলোই হতে পারে তার হাতিয়ার।