বিশ্বে সংস্কারবাদী অর্থনীতিবিদ হিসেবে সুনাম কুড়িয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। ১৯৯১ সালে ভারতের অর্থনৈতিক দুর্যোগের সময় তিনিই মূলত অর্থনীতির হাল ধরেন এবং ভারতের অর্থনীতিকে শক্তিশালী অবস্থানে নিয়ে আসেন। আর এ নিয়ে মনমোহন সিং গণমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেন। দীর্ঘদিন তিনি গণমাধ্যমে কেবল প্রশংসার জায়গা দখল করে ছিলেন। কিন্তু সমপ্রতি কীর্তিমান সেই মনমোহনের সমালোচনা করতে শুরু করেছে অর্থনৈতিক বিশ্লেষক এবং গণমাধ্যমগুলো। নিউইয়র্ক টাইমসসহ বিভিন্ন খ্যাতিমান গণমাধ্যমে তার সমালোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, সারাজীবন সততার স্বাক্ষর রাখা মনমোহন সিং কিছুটা হলেও তার নীতি থেকে বিচ্যুত হয়েছেন। ফলে তিনি তার পরিচ্ছন্ন ভাবমূর্তি হারাতে বসেছেন এবং ভবিষ্যতে তিনি তার ভাবমূর্তি পুনরুদ্ধারে সমর্থ হবেন কিনা সেটাই এখন প্রশ্ন।
ভারতে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার বর্তমানে একটার পর একটা সমস্যার সম্মুখীন হচ্ছে। নেতিবাচক ঘটনা ঘটেই চলছে। আর এগুলো সামাল দিতেও হিমশিম খেতে হচ্ছে মনমোহনের সরকারকে। সমপ্রতি দুর্নীতির অভিযোগে ভারতের দুইজন গুরুত্বপূর্ণ মন্ত্রী পদত্যাগ করেন। পদত্যাগকারী মন্ত্রীরা হলেন আইনমন্ত্রী অস্বিনী কুমার এবং রেলমন্ত্রী পবন কুমার বনশাল। অস্বিনী কুমারের বিরুদ্ধে অভিযোগ আছে, তিনি কয়লা কেলেঙ্কারির সঙ্গে জড়িত। আর রেল মন্ত্রণালয়ে ভাগ্নের ঘুষ কেলেঙ্কারির কারণে পদত্যাগ করেন রেলমন্ত্রী। তবে দুইজনই সব অভিযোগ অস্বীকার করেছেন। এরা নিজেরা পদত্যাগের ঘোষণা দিলেও বিরোধীদের দাবির মুখেই পদত্যাগে বাধ্য হন বলে মনে করেন সমালোচকরা। পদত্যাগ করা দুইজন মন্ত্রী প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পছন্দের ছিলেন বলে ভারতের গণমাধ্যম থেকে জানা গেছে। এ নিয়ে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং মনমোহনের সঙ্গে বিরোধের বিষয়টিও গণমাধ্যমে স্থান পায়। তবে কংগ্রেস দল জানিয়েছে, এ নিয়ে বিরোধের কিছু নেই। তাদের দুইজনের আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে।
কংগ্রেস সরকার কমনওয়েলথ গেমস কেলেঙ্কারি, টুজি স্পেকট্রাম কেলেঙ্কারি, কয়লাখনি কেলেঙ্কারি এবং সর্বশেষ রেল কেলেঙ্কারির জন্য সমালোচিত হচ্ছে। কেউ কেউ বলেছেন, ভারতের ইতিহাসে এই সরকারের আমলে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। তবে অনেক সমালোচক এ ধরনের যুক্তি মানতে চান না। আবার অনেকের মতে, দুর্নীতি সরকারের দুর্বলতার একটি দিক মাত্র।
বিশ্লেষকদের মতে, ভারতে বর্তমানে বেকারত্বের হার বাড়ছে। অর্থনীতির গতি নিম্নমুখী হচ্ছে। মুদ্রাস্ফীতি এবং সুদের হার বাড়ছে। উত্পাদন খাত ক্ষতিগস্ত হচ্ছে। সরকারের বিভিন্ন নীতি বিপর্যয়ের মুখে। রাজনৈতিক পরিস্থিতিও ভালো নয়। বিশ্বের সর্ববৃহত্ গণতান্ত্রিক দেশ ভারতে জাতীয় স্বার্থে রাজনৈতিক সমঝোতার যে লক্ষণ এতদিন দেখা যাচ্ছিল তাতেও ঘাটতি দেখা যাচ্ছে। পার্লামেন্ট অচল হতে চলেছে। পার্লামেন্টের অনেক অধিবেশন বিরোধীদের বিক্ষোভের মুখে স্থগিত করতে বাধ্য হয়েছেন স্পিকার। আর প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার জন্য এসব দুর্বলতা বা সমস্যার দায় পড়ছে মনমোহন সিংহের ওপর। এজন্য সমালোচকরা কড়া নাড়ছেন তার দরজায়। গণমাধ্যমগুলোতেও তার নেতিবাচক সংবাদ প্রকাশের বিষয়টি স্পষ্ট হয়ে উঠছে। নিউইয়র্ক টাইমস গত এপ্রিলে ‘মনমোহন সিং: ল্যাকিং ইন্টিগ্রিটি?’ শীর্ষক একটি সংবাদ প্রকাশ করেছে। ইন্ডিয়া টুডে ম্যাগাজিন মনমোহন সিংকে আখ্যায়িত করেছে ‘ড. ডলিটেল’ (যিনি মানুষের চিকিত্সার পরিবর্তে জীবজন্তুর চিকিত্সায় মনোনিবেশ করেন) হিসেবে। ‘ডিসেন্ট অফ এ ম্যান’ শীর্ষক সংবাদে আউটলুক ম্যাগাজিন উল্লেখ করেছে, মনমোহন সিং ‘একটি ডুবতে থাকা জাহাজের নাবিক’ হিসেবে কাজ করছেন। ম্যাগাজিনটি মনমোহনের ছবিসহ কভার স্টোরি হিসেবে প্রকাশ করেছে। বিজনেস স্ট্যান্ডার্ড লিখেছে, ‘একদা রাজা ছিলেন’। বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন কারণে মনমোহন সিংয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
২০০৪ সাল থেকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। সমালোচকদের মতে, ২০০৯ সালে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার আগে তিনি তার পরিচ্ছন্ন ভাবমূর্তি ধরে রাখতে পেরেছিলেন। তেহলকা ম্যাগাজিনকে প্রধানমন্ত্রী মনমোহনের সাবেক প্রেস উপদেষ্টা সঞ্জয় বারু বলেছেন, যখন দুর্নীতির বিভিন্ন খবর ছড়িয়ে পড়তে শুরু করে তখন কংগ্রেস দলের কাছে গিয়ে মনমোহন সিংয়ের বলা উচিত ছিল আমি আর দায়িত্ব পালন করতে পারছি না। কিন্তু তিনি সেটা করেননি। যদিও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী তাকে রক্ষায় অনেক কিছু করেছেন। তবে যাই হোক, মনমোহন সিংই সরকার পরিচালনা করবেন। তবে তার অর্থনৈতিক অব্যবস্থাপনাই তাকে সমালোচনার মুখে ফেলেছে। আর তার হারানো ভাবমূর্তি পুনরুদ্ধার করতে তাকে অর্থনৈতিক অব্যবস্থাপনা দূর করাসহ দুর্নীতিকে সমূলে উত্পাটন করার দিকে মনোযোগ দিতে হবে।
গত বুধবার রাজ্যসভার নির্বাচনে অংশ নিতে মনমোহন সিং তার সম্পদের হিসাব দাখিল করেছেন। এতে দেখা গেছে, তার সম্পদ সাড়ে ১১ কোটি রুপি, যা তার অনেক বন্ধুর পাশে বেমানান। তার নিজস্ব গাড়িটি ১৯৯৬ মডেলের একটি মারুতি। অক্সফোর্ড ডিগ্রিধারী মনমোহন সিং জাতিসংঘে কাজ করেছেন। এছাড়া ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা, গভর্নর, পরিকল্পনা কমিশনের প্রধান এবং অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং সোনিয়া গান্ধী সাধারণত গণমাধ্যমকে এড়িয়ে চলেন। তবে তাদের এই নীরবতা আগামী ২০১৪ সালের নির্বাচনে কংগ্রেস দলের জন্য সুখকর হবে, না বিপদের হবে সেটাই দেখার বিষয়।
