দ্বি তী য় বি শ্ব যু দ্ধে র ক্ষ তি পূ র ণ

জার্মানি-গ্রিস সম্পর্কে টানাপড়েন

আপডেট : ১৯ মে ২০১৩, ২১:৫৩
বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়েছেন জিওর্জস দিমোপোলোস। ঠিকভাবে হাঁটতেই পারেন না। কিন্তু এ অবস্থাতেই গত ১৩ ডিসেম্বর তিনি ছুটে গিয়েছিলেন গ্রিসের কালাভ্রিতা শহরের পেনোপোলিস নামক সাথানে। সেখানে পাথরের স্মৃতিস্তম্ভের ওপর খোদাই করে লেখা নামগুলো পড়ছিলেন গভীর মনযোগ দিয়ে। তালিকার মাঝামাঝি পর্যায়ে এসে একটি নামের দিকে তর্জনী উঁচিয়ে পাশের লোকটিকে বলছিলেন, ‘দিমিত্রিওস দিমোপোলোস, আমার বাবা।’ কথা শেষ করে কিছুক্ষণ চোখ বুজে থেকে বাবার নিঃশ্বাসের শব্দ শোনার চেষ্টা করছিলেন। ৪৯৮ জনের তালিকার বাকি নামগুলোও হয়তো পড়ে শেষ করতেন; কিন্তু শরীরটা ভালো লাগছিলো না বলে এর পর রওয়ানা দিয়েছিলেন বাড়ির উদ্দেশে। আসতে আসতে ৬৯ বছর আগের স্মৃতি হাতড়ে বেড়াচ্ছিলেন তিনি। এ সময় একটু পর পর ভিজে উঠছিলো তার চোখের কোণা। এই কালাভিতা শহরেই সংঘটিত হয়েছিলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের নৃশংসতম যুদ্ধাপরাধ। ১৯৪৩ নালের ১৩ ডিসেম্বর সেখানে গণহত্যায় মারা পড়েছিলো শহরের বারো বছরের বেশি বয়সী সকল পুরুষ লোক। আর এ কথাটি বলার প্রয়োজন পড়ে না যে, এই কুকর্মের হোতা জার্মানির নািস বাহিনী। কালাভ্রিতা শহরের প্রায় সকল কিছুই সেদিন পুড়িয়ে দেয়া হয়েছিলো। বাদ ছিলো একটি মাত্র স্কুল। সেখানে আটকে রাখা হয়েছিলো নারী ও শিশুদের। ৬৯ বছর কেটে গেছে; কিন্তু সেই স্কুলটি দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। অবশ্য এটি এখন আর স্কুল নেই, বনে গেছে জাদুঘর। দর্শনার্থীরা এখানে এসে ঘুরে ঘুরে দেখেন গণহত্যায় নিহতদের ব্যবহূত ঘড়ি, পরিচয়পত্র এবং আরো অনেক কিছু। জিওর্জস দিমোপোলোস এখনো স্পষ্ট মনে করতে পারেন, কোন্ ঘরটিতে তিনি মায়ের সঙ্গে আটক ছিলেন। ৬৯ বছর কেটে গেছে সত্য; কিন্তু গণহত্যার কথা গ্রিস ভুলতে পারেনি। এই বর্বরতার যথাযথ ক্ষতিপূরণ পেতে তারা সোচ্চার। দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন ধরে। কাজ হচ্ছে না দেখে প্রস্তুতি নিচ্ছে আরো জোরালোভাবে দাবি উপস্থাপনের। কিন্তু জার্মানি সেই পুরনো ঘটনাকে মনে করতে অনিচ্ছুক; গ্রিসের দাবিকে তারা এড়িয়ে যাচ্ছে বিভিন্ন কৌশলে। জোরালো দাবির প্রস্তুতির কথা প্রকাশ পাওয়ায় দু’দেশের সম্পর্ক আর উষ্ণ নেই, রূপ নিচ্ছে শীতলের দিকে। অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে জার্মানিকে। কয়েক মাস পরেই ৮৩ বছরে পা রাখবেন জিওর্জস দিমোপোলোস। সেই দিনটির কথা মনে পড়লে এখনো তিনি শিউরে উঠেন। জিওর্জস বলেন, স্কুলের একটি কক্ষে আবদ্ধ থেকেও আমি লোকজনের কান্না, আর্তনাদ ও প্রার্থনা শুনতে পাচ্ছিলাম। কানে ভেসে আসছিলো মুহুর্মুহু গুলির শব্দ। আগুনের কারণে লাল হয়ে উঠেছিলো চারদিক। আমার বাবার লাশটা পড়ে ছিলো একটি টিলার ওপর। পরবর্তীতে সেখান থেকে সেই দেহটি টেনে নিচে নামিয়ে এনেছিলেন আমার মা। ভোগান্তির জন্য গ্রিসের সকল লোকের মতো আমিও ক্ষতিপূরণ কামনা করি। জার্মান কাউকে দেখলেই আমার মনে হয় শয়তান।’ সেই যুদ্ধাপরাধের জন্য বার্লিনের কাছ থেকে এখনো কেউ কোনো ক্ষতিপূরণ পায়নি। ২০০০ সালে জার্মানির তত্কালীন প্রেসিডেন্ট কালাভ্রিতা পরিদর্শন করেছিলেন নিহতদের প্রতি সম্মান জানাতে। দুঃখ প্রকাশ করলেও ক্ষতিপূরণের প্রসঙ্গ আসবে বলে ক্ষমা চাইতে রাজি হননি। কিন্তু গ্রিস ক্ষতিপূরণ আদায় করে নেয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। যেমনটি বলছিলেন জিওর্জস দিমোপোলোস, ‘আমাদের ভোগান্তির মূল্য জার্মানিকে দিতেই হবে, তা আজ হোক আর কাল হোক।’ ১৯৪১ সালের এপ্রিলে গ্রিস দখল করে নিয়েছিলো নািস বাহিনী। এই দখলদারিত্বের কারণে মারা গিয়েছিলো প্রায় আড়াই লাখ গ্রিক। দখলমূল্য উঠাতে গিয়ে ব্যাংক অফ গ্রিস থেকে তখন জোরপূর্বক বড় অংকের ঋণ নিয়েছিলো নািস বাহিনী। যুদ্ধ শেষে সীমিত ক্ষতিপূরণ গ্রিসকে দেয়া হয়েছিলো, বিশেষত জার্মান মেশিনারি দিয়ে। কিন্তু দাবির তুলনায় তা ছিলো খুবই নগণ্য। নািস বাহিনী দখলঋণ ক্ষুদ্র কিস্তিতে পরিশোধ করতে শুরু করলেও ১৯৪৫ সালের পর আর কোনো কিস্তি দেয়নি। পশ্চিমা শক্তিগুলো গ্রিসকে এই বলে প্রবোধ দিচ্ছিলো যে, দুই জার্মানি পুনঃএকত্রিত হবার পর ক্ষতিপূরণের বিষয়টি বিবেচিত হবে। এখন মনে হচ্ছে সে গুড়েও বালি। কারণ দুই জার্মানি পুনঃএকত্রিত হয় ১৩ বছর আগে। রিপোর্ট প্রস্তুত: যুদ্ধের ক্ষতিপূরণ ও ঋণের অর্থ ফেরত দেয়ার বিষয়ে ৮০ পৃষ্ঠার রিপোর্ট তৈরি করেছে গ্রিস। এখন দিনক্ষণ ঠিক করছে সেটি জার্মানিতে পাঠানোর জন্য। কিন্তু জার্মানি রিপোর্টের কথা শুনেই তা প্রত্যাখ্যান করেছে। তারা মনে করে, যুদ্ধের ক্ষতিপূরণের বিষয় শেষ হয়ে গেছে। এটি নিয়ে ফের আলোচনার কোনো সুযোগ নেই। রিপোর্টে জার্মানির কাছে গ্রিস ১৬০ বিলিয়ন ইউরো দাবি করেছে। এর মধ্যে ১০৮ বিলিয়ন ইউরো অবকাঠামো ধ্বংসের জন্য এবং বাকি অর্থ ঋণের। বর্তমান বাজার দর অনুযায়ী এ অংকটা তৈরি করা হয়েছে। কিন্তু সমস্যা অন্য জায়গায়। যুদ্ধকালীন শত্রু জার্মানি এখন তাদের দাতা। সমস্যাকবলিত গ্রিসের অর্থনেতিক উত্তরণের জন্য জার্মানিই মূলত ঋণ দিয়ে সহায়তা করছে। এতেও কাজ হচ্ছে না। গ্রিসের অধিকাংশ লোক মনে করে, তাদের ঋণের অর্থ ফেরত এবং যুদ্ধের ক্ষতিপূরণ দিলেই বর্তমান অর্থনৈতিক সমস্যা মিটে যাবে; প্রয়োজন হবে না নিজেদের ঋণ নেয়ার। ক্ষমতাসীন নিউ ডেমোক্রেসি পার্টির সংসদ সদস্য এডনিস জর্জিয়াডিস এ প্রসঙ্গে বলছিলেন, ‘অনেক জার্মান রাজনীতিবিদ আমাদেরকে অলস ভাবে; তাদের কাছ থেকে ঋণ আনছি বলেই এই অপবাদ দিতে পারে। তাদের ভুলে যাওয়া উচিত নয়, এ ঋণ আমাদের ফেরত দিতে হবে। কিন্তু আমরা আমাদের দেয়া ঋণের ব্যাপারে অনেক দিন নীরব ছিলাম। এখন সময় এসেছে সরব হওয়ার।’ সম্পর্কের অবনতি: ১৯৬০ সালে ক্ষতিপূরণ বাবদ গ্রিসকে ১৬০ মিলিয়ন ডয়েচমার্ক (তখনকার ৭০ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ) প্রদান করেছিলো। জার্মানি বলছে, তখন চুক্তি ছিলো আর কোনো অর্থ দাবি করতে পারবে না তারা। কিন্তু সেই চুক্তি ভঙ্গ করে আবার ক্ষতিপূরণ চাইছে তারা, যা দু’দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে। চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টির মুখপাত্র ফিলিপ মিসফেল্ডার জানিয়েছেন, গ্রিসের তৈরি রিপোর্ট হাতে পৌঁছলে এর আনুষ্ঠানিক জবাব দেবেন তারা। বস্তুত অর্থনৈতিক দুরবস্থার কারণে দিগ্বিদিক জ্ঞান হারিয়ে ফেলেছে গ্রীস সরকার। খুব বেশি চাপ সৃষ্টি করলে দুই দেশের সম্পর্ক আর স্বাভাবিক থাকবে না। তখন বন্ধ হয়ে যেতে পারে ঋণ কিংবা অনুদান।