ভয়াল স্মৃতি সঙ্গী করে সাড়ে চার মাস পর শ্রীংলকা থেকে দেশে ফিরলেন ৬১ হতভাগ্য। যাদের মধ্যে একজন নারীও রয়েছেন। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে এমজে এয়ারলাইন্সের একটি বিমানে তারা হযরত শহজালাল (র.)আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। যাদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। এদের মধ্যে ৫৪ জন টেকনাফ অন্য ৭ জন কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। অপর দিকে বিমানবন্দরে অবতরণের পর ইমিগ্রেশন পুলিশ দালাল সন্দেহে মোহাম্মদ শরীফ নামে একজনকে আটক করেছে। বিমানবন্দরে অবতরণের পর পরই সেই ভয়াল স্মৃতি বলতে গিয়ে অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন। এরা সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার পথে শ্রীলংকায় আটক হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় ও শ্রীলংকার বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হয়।
বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে জনশক্তি রফতানি ব্যুরোর সঙ্গে যোগাযোগ করে রেডক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠায় শ্রীলংকান কর্তৃপক্ষ। তাদের গ্রহণ করেন জনশক্তি রফতানি ব্যুরোর পরিচালক মিজানুর রহমান ও রেডক্রিসেন্ট সোসাইটির ডেপুটি ডিরেক্টর এ কে এম মহসীন। গতকাল দুপুরে রেড ক্রিসেটের পক্ষ থেকে দুইটি বাসে করে ৬০ জনকে তাদের গন্তব্যে পাঠানো হয়েছে।
জনশক্তি রফতানি ব্যুরোর পরিচালক মিজানুর রহমান সাংবাদিকদের জানান, সরকারের সহায়তায় ৬১ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
ফিরে আসা এসব বাংলাদেশি জানিয়েছেন, দালালদের প্রলোভনে তারা মালয়েশিয়া যাওয়ার জন্য উদ্বুদ্ধ হয়েছিল। প্রথম পর্যায় তারা প্রত্যেকে দালালদের দিয়েছিল ২০ হাজার টাকা। কথা ছিল মালয়েশিয়ায় পৌঁছার পর আরও ১ লাখ ৪০ হাজার টাকা দেয়ার । তারা আরও জানান, ইঞ্জিন চালিত নৌকায় মোট ১৩৮ জন ছিলেন। তাদের সঙ্গে নৌকায় দালাল শরীফ ছিলেন।
টেকনাফ সংবাদদাতা ( কক্সবাজার) আব্দুর রহমান জানান, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে চোরাইপথে আদম পাচারকারী দালাল সিন্ডিকেট গত ১১ জানুয়ারী রাতে সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া ঘাট দিয়ে ১৩৫ জন যাত্রীকে ট্রলারে উঠিয়ে দিয়েছিল। এসময় তাদের কারো কাছেই পাসপোর্ট ছিল না।
রওয়ানা দেয়ার এক সপ্তাহ পর এরা মিয়ানমারের ইয়াংগুন উপকূলে পৌঁছলে মিয়ানমার নৌবাহিনী এদরেকে আটক করে বেদম মারধর করে তাড়িয়ে দেয়। এরপর তারা আবার ২০ জানুয়ারী ধরা পড়েছিল থাইল্যান্ড নেভীর হাতে, তারাও তাদেরকে মারধর করে ছেড়ে দেয়। ২৪ দিন সমুদ্রে ভেসে থাকার পর শ্রীলংকার নৌবাহিনী ৩ ফেব্রয়ারী এদের উদ্ধার করে।গভীর সমুদ্র থেকে শ্রীলংকান নৌবাহিনী এসব যাত্রীকে উদ্ধারের সচিত্র সংবাদ বিভিন্ন টেলিভিশিনসহ মিডিয়ায় প্রচারিত হলে স্বজনদের উত্কণ্ঠা ও আহাজারি বেড়ে যায়। শ্রীলংকায় উদ্ধারপ্রাপ্ত বাংলাদেশিদেরও সরকারি উদ্যোগে দ্রুত দেশে ফিরিয়ে আনতে টেকনাফের আত্নীয়—স্বজনরা সরকাররে নিকট লিখিত আবেদন করে । গত ১৬ ফেব্রয়ারী পুত্র শোকে মুহ্যমান দুইজন মা-বাবাও মারা গেছেন। আটকাপড়াদের ফিরিয়ে আনতে বিলম্ব হওয়ায় স্বজনরাও ছিল চরম উত্কণ্ঠায়।অবশেষে দীর্ঘ ৪ মাস ১০ দিন পর তাদেরকে ফিরিয়ে আনা হলো।
