সিলেট এমসি কলেজে ছাত্রলীগের বিবাদমান দুই গ্রুপের মধ্যে প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষে উভয়পক্ষের ২০ জনের মতো আহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘর্ষের সময় উভয়পক্ষের মধ্যে অন্তত ৩০ রাউন্ড গুলি বিনিময় হয়। এমসি কলেজ ও আশ-পাশের এলাকায় আতংক নেমে আসে। দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা নিরাপদ আশ্রয়ে ছুটে যান। খবর পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতরা গ্রেফতার এড়াতে বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা নিয়েছে। তাদের নাম জানা যায়নি। জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি পংকজ পুরকায়স্থ গ্রুপ ও ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুর গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে অনেকদিন ধরে বিরোধ চলছে। প্রায়ই তাদের মধ্যে সংঘাত-সংঘর্ষ হয়।
সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালনকালে লাঞ্ছিত হন সময় টিভির সাংবাদিক আহাদ ও ক্যামেরা পার্সন নওশাদ। ছাত্রলীগ ক্যাডাররা তাদের ক্যামেরা ছিনিয়ে ভাংচুর করে। এর প্রতিবাদে টেলিভিশন সাংবাদিকরা সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে রাখেন। পরে জনপ্রতিনিধি ও প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করেন।
