খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন

আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থী ঘর গোছাতে ব্যস্ত

আপডেট : ১৯ মে ২০১৩, ২২:১১
খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দুই দলের ‘হেভিওয়েট’ দুই প্রার্থী এখন নিজ নিজ ঘর গোছাতে ব্যস্ত। নির্বাচন কমিশনের বাধ্যবাধকতার কারণে দুই মেয়র প্রার্থী আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু না করলেও নিজ নিজ দলের ঘর গোছানো, পাড়া-মহল্লায় কর্মীসভা এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও এলাকার মুরুব্বিদের সঙ্গে মতবিনিময় করে ব্যস্ত সময় পার করছেন। এছাড়া নির্বাচনী কৌশল ঠিক করতে ও জয় নিশ্চিত করতে তারা দফায় দফায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করছেন। সেইসাথে প্রাধান্য দিচ্ছেন নির্বাচনী সেন্টার কমিটি গঠনে। রিটার্নিং অফিস সূত্র জানায়, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে কেসিসির মেয়র পদে ছয়জন প্রার্থী রয়েছেন। তারা হলেন-আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী সদ্য সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী নাগরিক কমিটির প্রার্থী সাবেক ভারপ্রাপ্ত মেয়র মনিরুজ্জামান মনি, জাতীয় পার্টি (এ) সমর্থিত নাগরিক উন্নয়ন কমিটির প্রার্থী শফিকুল ইসলাম মধু, মুসলিম লীগ সমর্থিত কেসিসির সাবেক প্রশাসক শেখ সিরাজুল ইসলাম এবং বিএনপির অপর দুই প্রার্থী এডভোকেট এস এম শফিকুল আলম মনা ও সেকেন্দার জাফরউল্লাহ খান সাচ্চু। প্রার্থী তালিকায় ৬ জনের নাম থাকলেও শেষ পর্যন্ত তালুকদার আব্দুল খালেক, মনিরুজ্জামান মনি ও শফিকুল ইসলাম মধু নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন। অপর তিন প্রার্থীর মধ্যে শেখ সিরাজুল ইসলাম বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী নাগরিক কমিটির প্রার্থী মনিরুজ্জামান মনির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হয়েছেন। এছাড়া এডভোকেট এস এম শফিকুল আলম মনা ও সেকেন্দার জাফরউল্লাহ খান সাচ্চু দলের নির্দেশে তাদের প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয়তাবাদী নাগরিক কমিটির প্রার্থীকে সমর্থন দেবেন বলে বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। তবে এজন্য আগামী ২৬ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। কেসিসির নির্বাচন যতই এগিয়ে আসছে মেয়র প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের টেনশন ততই বাড়ছে। মেয়র প্রার্থীরা আচরণবিধির কথা মাথায় রেখে সতর্কতার সঙ্গে নির্বাচনী কৌশল ঠিক করছেন। তবে কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি শিবিরে বেশ অসন্তোষ দেখা দিয়েছে। দলের সিদ্ধান্তের বাইরে অনেক ওয়ার্ডে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছেন। যারা মেয়র প্রার্থীদের জন্য মাথাব্যথার কারণ হিসাবে দেখা দিয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও সদ্য সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের পক্ষে ভোটযুদ্ধে নেমেছেন সাবেক স্পিকার ও বিএনপির সাবেক নেতা এডভোকেট শেখ রাজ্জাক আলী এবং গত নির্বাচনের মেয়র প্রার্থী এডভোকেট এনায়েত আলী। ইতিমধ্যে এই দুই প্রবীণ রাজনীতিক তালুকদার আব্দুল খালেকের নির্বাচনী কৌশল ঠিক করতে শলাপরামর্শ করছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের ধারণা শেখ রাজ্জাক আলী ও এডভোকেট এনায়েত আলীর মতো অভিজ্ঞ ও প্রবীণ রাজনীতিবিদ সম্মিলিত নাগরিক কমিটির নির্বাচন পরিচালনার দায়িত্ব নেয়ায় তালুকদার আব্দুল খালেকের মেয়র পদে জয়লাভ করা অনেকটাই সহজ হয়ে গেছে। তবে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সমর্থকদের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। যার বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে নির্বাচনে। মিজানের অনুসারীদের মতে, দলে অনেক যোগ্য ও প্রবীণ নেতা রয়েছেন। তাদের মধ্য থেকে কাউকে মেয়র প্রার্থীর সমর্থনে গঠিত সম্মিলিত নাগরিক কমিটির চেয়ারম্যান ও কো-চেয়ারম্যান করা যেত। এছাড়া মহাজোটের শরিক জাতীয় পার্টি সমর্থিত নাগরিক উন্নয়ন কমিটির প্রার্থী শফিকুল ইসলাম মধু মেয়র পদে এখনো নির্বাচনী মাঠে রয়েছেন। মধু নির্বাচনী মাঠ থেকে সরে না দাঁড়ালে তালুকদার আব্দুল খালেকের জন্য কিছুটা হলেও নির্বাচন কঠিন হয়ে উঠবে। অপরদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী নাগরিক কমিটির প্রার্থী মনিরুজ্জামান মনির দুশ্চিন্তাও কম নয়। দলের অপর দুই প্রার্থী কেন্দ্রীয় কমিটির হস্তক্ষেপে নমনীয় হলেও এখনো প্রার্থিতা প্রত্যাহার করেননি। তবে ঐ দুই প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে দলীয় সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় মাঠে নামবেন বলে দলীয় সূত্র জানিয়েছে। মনিরুজ্জামান মনি কেসিসির প্রথম প্রশাসক ও মহানগর মুসলিম লীগের সভাপতি আলহাজ্ব শেখ সিরাজুল ইসলামের সমর্থন পাওয়ায় ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের মধ্যে চমক সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে মনিরুজ্জামান মনির সমর্থনে গঠিত ‘জাতীয়তাবাদী নাগরিক কমিটি’র সভাপতি করা হয়েছে সিরাজুল ইসলামকে। এছাড়া আরো চমক সৃষ্টির জন্য ব্যাপক তোড়জোড় চলছে।