গাইবান্ধা-৩ নির্বাচনী এলাকায় জাপা (এ) নেতা-কর্মীদের গণপদত্যাগের ঘোষণা

আপডেট : ১৯ মে ২০১৩, ২২:১২
জাতীয় সংসদের গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে মনোনয়ন নিয়ে জাতীয় পার্টির (এ) বিক্ষুব্ধ নেতাকর্মীরা একযোগে গণপদত্যাগের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি পলাশবাড়ীতে এক পথসভায় জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসাবে ঐ আসনে ড. ফজলে রাব্বীর পরিবর্তে ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পীকে মনোনয়ন দেয়ার কথা ঘোষণা করেন। এতে ঐ দুই উপজেলার জাতীয় পার্টির (এ) ত্যাগী নেতাকর্মীরা গত শনিবার গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে দলের পলাশবাড়ী উপজেলার সাবেক সভাপতি মাহামুদুজ্জামান বাদশা বলেন, সম্প্রতি হঠাত্ করে গাইবান্ধা-৩ আসনে একজন নতুন প্রার্থীর আবির্ভাবে পার্টিতে চরম অসন্তোষ দেখা দিয়েছে। ঐ প্রার্থীর কারণে অগ্রণতান্ত্রিকভাবে সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলা জাপা কমিটি ভেঙ্গে দিয়ে ঐ প্রার্থীর ইচ্ছামত আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কিন্তু সেই কমিটিরও ৮০ ভাগ নেতাকর্মীর পছন্দের প্রার্থী ড. ফজলে রাব্বী হওয়ায় দ্বিতীয়বার ঐ কমিটি ভেঙ্গে নতুন কমিটি করা হলো। সেই কমিটির বর্তমান সদস্যরা হলেন ঐ প্রার্থীর বাপ, চাচা, খুড়া এবং অন্য দল থেকে আগত লোক। সংবাদ সম্মেলনে আরো বলা হয়, গত ১৬ মে পলাশবাড়ীতে এক পথসভায় জাপার চেয়ারম্যান ঐ প্রার্থীকে (ব্যারিস্টার শিল্পী) মনোনয়ন দেয়ার কথা ঘোষণা করে বলেন, ড. ফজলে রাব্বী পরপর ৬ বার এমপি নির্বাচিত হয়েছেন। তিনি বয়সের ভারে ন্যুব্জ। তার এখন বিশ্রাম নেয়া প্রয়োজন। এখন প্রশ্ন হচ্ছে, যেখানে আমাদের চেয়ারম্যান নিজেই বলেন ‘বৃদ্ধের যুক্তি যুবকের শক্তি’ এবং সেই দর্শন নিয়ে তিনি ৮৬ বছর বয়সেও বাংলার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে বেড়াচ্ছেন, সেখানে মাত্র ৭৫ বছর বয়সে ৬ বার নির্বাচিত সংসদ সদস্য জাপার প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরীকে কেন অবসর দিতে তিনি এত ব্যস্ত হয়ে উঠলেন? অতীতেও এরশাদের এই ধরনের আবেগের কারণে অনেক বড় নেতাকে পার্টি ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। পার্টিতে যাদের অনেক অবদানও ছিল। লিখিত বক্তব্যে তিনি বলেন, অনেক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে মানুষ রাজতন্ত্র থেকে গণতন্ত্রের পথে এসেছে। রাজনৈতিক দলও চলে একটি আদর্শ ও নেতার প্রতি ভালোবাসাকে কেন্দ্র করে। কিন্তু নেতা যদি কর্মীদের প্রজা ভাবেন এবং তিনি যা বলবেন তাই হবে মনে করেন তবে সে ধারণা ভুল। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন তার জ্বলন্ত প্রমাণ। কাজেই কারো কথায় কান না দিয়ে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে বসার জন্য আমরা চেয়ারম্যানের প্রতি আবেদন জানাচ্ছি। গত ১৬ মে ঘোষণাটিও প্রত্যাহার করার জন্য অনুরোধ জানাচ্ছি। কারণ ড. টিআইএম ফজলে রাব্বীর মতো জাতীয়ভাবে খ্যাতিমান একজন ত্যাগী নেতাকে মনোনয়ন না দিলে জাতীয় পার্টিকে গাইবান্ধা-৩ আসনটি হারাতে হবে। সংবাদ সম্মেলনে জাপার নেতাদের মধ্যে আরো বক্তব্য রাখেন রফিকুল ইসলাম, জুলহাস উদ্দীন দুদু, হাবিবুর রহমান, মোহাম্মদ আলী মণ্ডল, তাজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান কবির তোতা, আলমগীর মণ্ডল, আনিছুর রহমান চৌধুরী বাদশা প্রমুখ।