মহাসেন এ অঞ্চলের কৃষকের স্বপ্ন ভেঙ্গে দিয়েছে। তিল তিল করে গড়া ফসলের অধিকাংশই আজ ঘূর্ণিঝড়ে বিনষ্ট হয়ে গেছে। বিধ্বস্ত কৃষক পরিবারগুলোকে এখন নষ্ট হয়ে যাওয়া এই ফসলের মাঠে দিন-রাত অবিশ্রান্ত কাজ করতে হচ্ছে।
আঞ্চলিক কৃষি সম্প্রসারণ দপ্তর জানিয়েছে, মহাসেনের আঘাতে দক্ষিণ উপকূলবর্তী জেলাগুলোর মধ্যে শুধু বরিশাল বিভাগেই দুই লাখ হেক্টর জমিতে ফসল বিনষ্ট হয়েছে। কৃষকরা জানিয়েছেন, ক্ষতির পরিমাণ আরো বেশি। উপকূলীয় জেলাগুলোতে প্রবল বৃষ্টিপাত ও জোয়ারের পানিতে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে তা অপসারণ না হওয়ায় ক্ষতির পরিমাণ আরো বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষি কর্মকর্তারা। কৃষি সম্প্রসারণের আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে- বরগুনা, পটুয়াখালী ও ভোলা জেলার কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সব জেলার মরিচ, আলু, পটল, বেগুন ও সূর্যমুখীসহ রবিশস্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ চর কুকরী মুকরী ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসেম মহাজন ইত্তেফাককে জানান, তার ইউনিয়নে ফসল তো দূরের কথা ঘর-বাড়ি সবই ধ্বংস হয়ে গেছে মহাসেনের তাণ্ডবে। চরফ্যাশন ও মনপুরার ১৪টি ইউনিয়নের ৪ হাজার পরিবার বর্তমানে খোলা আকাশে নীচে মানবেতর জীবনযাপন করছে বলে বেসরকারি সংস্থা কোস্ট ট্রাস্ট জানিয়েছে। এ তথ্যের সত্যতা স্বীকার করে স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল-ইসলাম জ্যাকব জানান, সহায় সম্বলহীন মানুষের জন্য তার ব্যক্তিগত তহবিল ও জেলা প্রশাসনের পক্ষ থেকে সাহায্য পাঠানো হয়েছে। ত্রাণ বিতরণেরও কাজ চলছে বলে ঐ দুইটি উপজেলার ইউএনওদের সাথে আলাপকালে জানা গেছে।
কৃষি কর্মকর্তারা জানান, বরিশাল ও গোপালগঞ্জে সবচেয়ে ক্ষতি হয়েছে আমন চাষাবাদে। গোপালগঞ্জে এবার ৭৬ হাজার হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। এরমধ্যে ১২ হাজার হেক্টর জমির আমন ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে।
গৌরনদীতে প্রায় ১৫ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উপজেলা কৃষি কর্মকর্তা জানান। আগৈলঝাড়ায় ফসলের সাথে মত্স্য ঘেরও ক্ষতিগ্রস্ত হয়েছে। বাবুগঞ্জের ৬ ইউনিয়নের সর্বত্র কৃষকের মাঝে হাহাকার দেখা গেছে। একই অবস্থা বরিশাল সদর উপজেলার আরো ১০ ইউনিয়নের। শিগগিরই এলাকাগুলোতে যথাসম্ভব সরকারি সাহায্য না পাওয়া গেলে পরিস্থিতির আরো অবনতি হবে।
