উপজেলার হোসনাবাদ ইউনিয়নের জলিসা বাজারে শুক্রবার একতা স্পোর্টিং ক্লাবের নির্বাচনে ছাত্রলীগ নেতা পরাজিত হওয়ায় ছাত্রলীগ দু’দফা হামলা চালিয়ে সমবায় সমিতির কার্যালয় ও ৫টি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে। এতে দু’জন আহত হয়েছে এবং এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, ওই ইউনিয়নের একতা স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী পরিষদের ১১টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৪টি পদে গত বুধবার নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদল সমর্থিত সাদ্দাম হোসেন ১৮৫ ভোট ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতা সুজন জোমাদ্দার ১২৯ ভোট পান। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, পরাজিত হয়ে সুজন জোমাদ্দারের নেতৃত্বে পলাশ ফকির, তারিকুল ইসলাম, জাহিদুল ইসলাম, সরোয়ার, সৌরভ, সাগর, শক্কুর ও সোহেলসহ ১০-১২ জনের একটি দল দু’দফা হামলা চালিয়ে বিজয়ী সাদ্দাম হোসেনের সমর্থকদের মারধর ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের আদর্শ বহুমুখী সমবায় সমিতির কার্যালয়, বীমা কোম্পানির অফিস, মুদি দোকানদার হিরন চৌকিদার, ইদ্রিস ব্যাপারিরসহ ৬টি দোকান ভংচুর করে। পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
