আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জনগণের বিপুল সমর্থন নিয়ে গঠিত একটি গণতান্ত্রিক সরকারকে চাইলেই ক্ষমতাচ্যুত করা যায় না। নানাভাবে ষড়যন্ত্র করে ব্যর্থ হবার পর ধর্মের নামে বিভ্রান্তি সৃষ্টিকারী হেফাজত নামধারী জামায়াত-শিবির-জঙ্গি চক্রকে উস্কানি দিয়েও বিএনপি সফল হতে পারেনি। তাই তারা এখন আবার ভোল পাল্টে আন্দোলনের হুমকি দিচ্ছে। আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। কারণ আন্দোলনের মধ্যেই আওয়ামী লীগের জন্ম। সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকায় গতকাল রবিবার যমুনা নদীর ভাঙন পরিস্থিতি ও ভাঙনরোধে গৃহীত ব্যবস্থা পরিদর্শন শেষে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
আসন্ন বাজেট অধিবেশনে বিএনপিকে যোগ দেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, শুধু সদস্য পদ রক্ষার জন্য নয়, যাদের ভোটে তারা নির্বাচিত হয়েছেন তাদের কথা বলার জন্যই সংসদে যোগ দেয়া উচিত। গত সাড়ে চার বছর বিএনপি সংসদ বর্জনের নামে ভোটারদের কোন আশাই পূরণ করতে পারেনি। জনগণের কাছে তাদের দায়বদ্ধতা থাকলে তারা এমন দায়িত্বহীন কাজ করতে পারত না। হঠকারিতা পরিহার করে তিনি তার বক্তৃতায় বিএনপিকে সংসদে সব বিষয়ে আলোচনা করার পরামর্শ দেন।
রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোক্তাদির বকুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আবু ইউসুফ সূর্য, গাজী আমিনুল হক, আব্দুস সাত্তার শিকদার, দানিউল হক, মিলন চৌধুরী, আব্দুল মান্নান প্রমুখ।
