পানিবন্দি মানুষ, নিমজ্জিত অর্ধলাখ হেক্টর জমির ফসল

আপডেট : ১৯ মে ২০১৩, ২২:২৬
ঘূর্ণিঝড় মহাসেন’র প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে উপকূলীয় জেলা বরগুনার অপেক্ষাকৃত নিচু এলাকায় বসবাসরত প্রায় এক লাখ পরিবার এখনও পানিবন্দি রয়েছে। গত চারদিন ধরে এসব পরিবার একদিকে যেমন খাদ্য ও বিশুদ্ধ পানির অভাবে ভুগছে তেমনি ঘরে ঘরে পানিবাহিত নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এছাড়া একই কারণে পটুয়াখালী জেলায় রবি শস্যসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার প্রায় ৬৫ হাজার হেক্টর জমির ফসল এখনও পানিতে নিমজ্জিত রয়েছে। এতে ১০ কোটি টাকারও বেশি ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এদিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের হাজীপুর ফেরিঘাটের ডুবে যাওয়া পন্টুন গতকাল রবিবার পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে কুয়াকাটার সাথে সারা দেশের সড়ক যোগাযোগ এখনও বিচ্ছিন্ন রয়েছে। বরগুনা (দক্ষিণ) প্রতিনিধি জানান, গতকাল রবিবার সকালে জেলার সদর উপজেলার নিশানবাড়িয়া, নলটোনা, ছোট বালিয়াতলী এলাকার বিভিন্ন এলাকা ঘুরে পানিবন্দি মানুষের অবর্ণনীয় দুর্ভোগের চিত্র চোখে পড়েছে। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুসরাত জাহান সুরভী জানিয়েছেন, সদর উপজেলায় প্রায় ৩০-৩৫ হাজার পরিবার পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। পাথরঘাটা উপজেলার ভাইস চেয়ারম্যান জাকির হোসেন জানান, তার উপজেলার প্রায় ৫০ হাজার পরিবার এখনও পানিবন্দি। এছাড়া বেতাগী উপজেলায় ১৫ হাজার, বামনায় তিন হাজার ও আমতলীতে ২০ হাজারের মত পরিবার পানিবন্দি অবস্থায় আছে বলে ওইসব এলাকার জনপ্রতিনিধিদের সাথে কথা বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, সবমিলিয়ে বরগুনার প্রায় দেড় লাখ মানুষ পানিবন্দি অবস্থায় কাটাচ্ছেন। পানিবন্দি এসব মানুষের জন্য সাহায্যের পরিমাণ খুবই অপ্রতুল। আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া গ্রামের হাসিনা বেগম এই প্রতিনিধিকে বলেন, ‘বইন্যার পর হইতে এ পর্যন্ত চুলা জ্বলে নাই। চিড়া মুড়ি খাইয়া রইছি বাবা।’ এদিকে বরগুনা জেলা প্রশাসনের দেয়া ক্ষয়-ক্ষতির তালিকা প্রত্যাখ্যান করেছেন স্থানীয় নাগরিক সমাজ ও বেসরকারি উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরা। গত ১৭ মে জেলা প্রশাসক স্বাক্ষরিত ‘ডি’ ফর্মে ক্ষয়-ক্ষতির বিপরীতে সাহায্যের প্রয়োজন নেই -এ ধরনের মন্তব্যের পর শনিবার রাতে নাগরিক সমাজ ও এনজিও প্রতিনিধিরা স্থানীয় সংসদ সদস্যের সাথে বৈঠক করে এ প্রতিক্রিয়া জানান। এ সময় তারা অভিযোগ করে বলেন, ‘মহাসেন’ এ বরগুনায় যে ক্ষতি হয়েছে তার বিপরীতে জেলা প্রশাসনের দেয়া তথ্য বিভ্রান্তিমূলক। এ ব্যাপারে বরগুনার জেলা প্রশাসক আবদুল ওয়াহাব ভুঞা বলেন, ‘জেলা ওয়েবসাইটে প্রকাশিত তথ্য তাদের দেয়া নয়। তাড়াহুড়ো করতে গিয়ে তথ্যে কিছুটা বিভ্রাট হতে পারে। তবে সঠিক তথ্য প্রকাশের জন্য তারা কাজ করছেন।’ পটুয়াখালী প্রতিনিধি জানান, ঘূর্ণিঝড় ‘মহাসেন’র আঘাতে জেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের নাওয়াপাড়া এলাকার কৃষক ইউনুছ গাজী (৫৫) ও জাকির খান (৪০) জানান, ঘূর্ণিঝড়ে তাদের বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। জলোচ্ছ্বাসের পানিতে তলিয়ে রয়েছে তাদের আবাদকৃত চিনাবাদাম, মরিচ, সূর্যমুখী, তিল ও আউশ ধানের ক্ষেত। স্থানীয় ইউপি সদস্য মজিবর প্যাদা জানান, চৌধুরীপাড়া এলাকার বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে জলোচ্ছ্বাসের পানি ভেতরে ঢুকে পাঁচ গ্রাম তলিয়ে গেছে। ওই এলাকার সম্পূর্ণ ফসল বিনষ্ট হওয়া আশঙ্কা করা হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় সূত্র জানায়, জেলায় ২ লাখ ১৩ হাজার ৬০০ হেক্টর চাষযোগ্য জমির মধ্যে এবার রবি ফসল আবাদ হয়েছে ১ লাখ ৬ হাজার ১৯৫ হেক্টর জমিতে। এর মধ্যে ঘূর্ণিঝড়ের কবলে পড়েছে ৬৪ হাজার ৭৯০ হেক্টর জমির ফসল। এর মধ্যে তিল ১০ হাজার ৩১০ হেক্টর, চিনাবাদাম ৭ হাজার ৪১০ হেক্টর, মুগ ডাল ২৪ হাজার হেক্টর, মরিচ ১৩ হাজার ২০০ হেক্টর, মিষ্টি আলু ২ হাজার ৪৮৫ হেক্টর, শাক-সবজি ২ হাজার হেক্টর, আউশ বীজতলা ৪ হাজার ২০০ হেক্টর, বোনা আউশ ৮৩৫ হেক্টর ও পানের বরজ ৩৫০ হেক্টর। এইসব জমির ফসলের শতকরা ৪০ ভাগ সম্পূর্ণ ক্ষতির আশংকা করা হচ্ছে। এতে আনুমানিক ক্ষতি হতে পারে ১০ কোটি টাকারও বেশি। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পটুয়াখালীর উপ-পরিচালক এ.জেড.এম মমতাজুল করিম জানান, আক্রান্ত ক্ষেত থেকে পানি সরে না যাওয়া পর্যন্ত পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণ করা সম্ভব হবে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জেলায় প্রায় ৫ কোটি টাকার ফসলহানি হতে পারে। অবশ্য দ্রুত পানি সরে না গেলে ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে। কলাপাড়া সংবাদদাতা জানান, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সোনাতলী নদীর হাজিপুর ফেরিঘাটের পন্টুনটি ঘূর্ণিঝড়ের সময় প্রবল বাতাসে ও জলোচ্ছ্বাসের স্রোতের তোড়ে গ্যাংওয়েসহ নিমজ্জিত হয়। গতকাল পর্যন্ত সেটি উদ্ধার করা যায়নি। ফলে সড়ক যোগাযোগ চালু না হওয়ায় গাড়ি নিয়ে আসা পর্যটকরা গত ৪ দিন ধরে কুয়াকাটায় আটকা পড়ে আছেন। ব্যবসায়ীদের সামুদ্রিক মাছসহ অন্যান্য পণ্য পরিবহনও বন্ধ রয়েছে। তবে স্থানীয়রা ও মোটরসাইকেলে আসা লোকজন চরম ঝুঁকি নিয়ে বিকল্প পথে নদী পারাপার করছেন। এ ব্যাপারে পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কমলেন্দ মজুমদার জানান, ডুবুরি এনে পন্টুনের অবস্থান নির্ণয়ের পর উদ্ধারের কাজ শুরু করা হয়েছে। তবে উদ্ধার কাজ সম্পন্ন করে ফেরি চলাচল শুরু করতে আরো দু’-একদিন সময় লাগবে বলে তিনি জানান।