চড়া মূল্য দিয়ে রানা প্লাজা থেকে প্রাণ নিয়ে ফিরেছেন অনেক শ্রমিক। তাদের কারো কারো শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ কেটে ফেলতে হয়েছে। কারো শরীরে দেখা দিয়েছে সংক্রমণ। কেউ কেউ হয়ে গেছেন সারা জীবনের জন্য পঙ্গু। দুর্বিষহ জীবন যাপন করছে এই মানুষগুলো। গতকাল রবিবার রাজধানীর পঙ্গু হাসপাতালে গিয়ে দেখা গেছে, হাসপাতালে মোট ৭০ জন গার্মেন্টস কর্মী চিকিত্সাধীন। এদের মধ্যে ১০ জনের মেরুদণ্ড ভেঙ্গে গেছে। পঙ্গুত্ব বরণ করতে হয়েছে তাদের। আটজন রোগীর হাত ও পা কেটে ফেলা হয়েছে। বিছানায় শুয়ে শুয়ে কাতরাচ্ছেন তারা। বিছানার সামনে তাদের স্বজনেরা নীরবে শুধু চোখের পানি ফেলছেন। রানা প্লাজা ধসের সময় অনেকের শরীরের উপর দেয়াল, রড, ভারী মেশিন ও আসবাবপত্র পড়ে। আঘাতে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি হয়। হাত-পা কেটে, ছিঁড়ে ও থেতলে হয় প্রচুর রক্তক্ষরণ। আবার ধুলাবালি ও ময়লা-আবর্জনা ক্ষতস্থানে পড়ে। ফলে ক্ষতস্থানে শুরু হয় সংক্রমণ। এভাবে জীবিত অবস্থায় উদ্ধারকৃত অনেকের শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায়।
এমনই একজন গার্মেন্টস কর্মী শাপলা (২০)। তিনি রানা প্লাজার তিনতলার গার্মেন্টস শ্রমিক। তার স্বামী মেহেদী হাসান একই গার্মেন্টসে কাজ করতেন। ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়লে স্বামী-স্ত্রী দুইজন ভবনের নীচে চাপা পড়েন। বড় বিম শাপলার বাম হাতের উপর পড়ে। উদ্ধারকর্ম চালাতে গিয়ে তাকে ধরে টানা-হ্যাঁচড়া শুরু করে কয়েকজন। এতে বাম হাতটি ক্ষত-বিক্ষত হয়ে তার দেহে ঝুলতে থাকে। পরে তার স্বামীকেও উদ্ধার করা হয়। পঙ্গু হাসপাতালের সার্জনরা অনেক চেষ্টা করেও শাপলার বাম হাতটি রক্ষা করতে পারেননি। কেটে ফেলতে হয়েছে হাতটি। এখন সুস্থ হওয়ার পথে শাপলা। শুধু তাকিয়ে থাকেন বাম হাতের দিকে। আর শুধু কাঁদেন। এতোকিছুর পরও তিনি আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে বলেন, তবু তো বেঁচে আছি। তার স্বামী মেহেদী সামান্য আহত হয়েছেন। তিনি এখন সম্পূর্ণ সুস্থ। শাপলার বাড়ি দিনাজপুর সদরে।
রংপুর মিঠাপুকুর এলাকার মরিয়ম (১৮) রানা প্লাজার ষষ্ঠ তলার গার্মেন্টস কর্মী। তার মেরুদণ্ড ভেঙ্গে গেছে। দেহের বিভিন্ন স্থানে হয়েছে জখম। পঙ্গু হয়ে গেছেন তিনি। তাকে সুস্থ করে তোলার জন্য সার্জনরা চিকিত্সা চালিয়ে যাচ্ছেন। মরিয়মের স্বামী রিকশা চালক। দুই ভাই ও এক বোনের সংসার মরিয়মের আয়ের উপর নির্ভরশীল। পাবনার ঈশ্বরদীর রোকশানা (২৫) রানা প্লাজার সপ্তম তলায় কাজ করতেন। বিম ও মেশিনপত্রের নিচে তিনি চাপা পড়েন। তিনদিন পর ডান পা ছিন্ন-বিচ্ছিন্ন এবং দেহে গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তার পুরো ডান পা কেটে ফেলা হয়েছে। ক্ষতস্থানে ধরেছে ইনফেকশন। কি দুঃসহ যন্ত্রণা তিনি ভোগ করছেন চোখে না দেখলে ভাষায় প্রকাশ করা যাবে না।
দিনাজপুরের ফুলবাড়ির রেবেকা (২৩) রানা প্লাজার ষষ্ঠ তলার গার্মেন্টস কর্মী। ঘটনার দুইদিন পর তাকে উদ্ধার করা হয়। তার বাম পাটি চূর্ণবিচুর্ণ এবং ডান পায়ের আঙ্গুলগুলো থেতলে যায়। তার বাম পাটি সম্পূর্ণ কেটে ফেলা হয়। ডান পায়ের আঙ্গুল কেটে ফেলতে হয়েছে। দুই পায়ের দিকে তাকিয়ে বলেন, ভাইরে বেচে থেকেও মরে গেছি। যশোর শার্শা এলাকার রেহেনা আকতার (২২) রানা প্লাজার অষ্টম তলার গার্মেন্টস শ্রমিক। ঘটনার ২ ঘন্টা পরে তাকে পা কেটে উদ্ধার করা হয়। তার একমাত্র শিশুপুত্র রায়হান গ্রামের বাড়িতে থাকে। সে এখনো জানেনা তার মায়ের পা কেটে ফেলা হয়েছে। চার বোন এক ভাইয়ের সংসারে রেহেনাকে প্রতিমাসে টাকা দিতে হতো। নোয়াখালী চরজগ বন্ধু এলাকার মরিয়ম (২০) রানা প্লাজার ছয়তলা গার্মেন্টস কর্মী। ২ দিনপর তাকে ধ্বংস স্তূপ থেকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। তার বাম হাতের কবজি পর্যন্ত কেটে ফেলা হয়েছে। তার মেরুদন্ড ভেঙ্গে গেছে।
বাগেরহাট চিতলমারি এলাকার আফরোজা (৩০) রানা প্লাজার ৪র্থ তলার গার্মেন্টস কর্মী। দুই দিন পর তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। ডান পা ভেঙ্গে যায় তার বাম পায়ে হয় জখম।
লালমনিরহাট কালীগঞ্জ এলাকার সুজন (৩০) রানা প্লাজার ষষ্ঠতলার গার্মেন্টস শ্রমিক। তাকে ঘটনার দিন উদ্ধার করা হয়। দুই পায়ের হাড় ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে তার। সুজনের সাড়ে ৫ বছরের কন্যা সন্তান শুধু বাবার পায়ের দিকে তাকিয়ে থাকে।
সন্দ্বীপের ফরহাদ (২৪) ৪র্থ তলার গার্মেন্টস কর্মী। প্রথম দিনই তাকে উদ্ধার করা হয়। তার বাম পায়ের আঙ্গুল কেটে ফেলা হয় এবং ডান পায়ে জখম হয়েছে।
ষষ্ঠ তলার গার্মেন্টস কর্মী আজমলের (৩০) মেরুদণ্ড ভেঙ্গে গেছে। তিনি এখন পঙ্গু। ঘটনার দিনই তাকে উদ্ধার করা হয়। শিশুপুত্র শিমুল পিতার দিকে অসহায়ের মত তাকিয়ে থাকে। মাঝে মাঝে শিশুটি তার পিতাকে বলে আব্বু তোমার কি হয়েছে? তুমি আর হাঁটতে পারবে না। এর কোন উত্তর আজমল দিতে পারেননি, কেঁদে ফেলেন।
বরিশাল বাকেরগঞ্জের আশরাফুজ্জামান দিপুকে ১৩ ঘন্টা পর সেনাবাহিনী ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে। তার দুই পায়ের হাড় ভেঙ্গে গেছে। মানিকগঞ্জে দৌলতপুরের নজরুল ইসলামের (২৮) মেরুদণ্ড ভেঙ্গে গেছে। তার একমাত্র শিশু পুত্র শামীম পিতার বিছানার পাশে দাঁড়িয়ে পািতার মাথায় হাত বুলাতে দেখা গেছে। গার্মেন্টস কর্মী রাজিয়া (২০) এবং তার স্বামী ধ্বংসস্তূপে আটকে পড়ে। ১৪ ঘন্টা পর রাজিয়াকে এবং ৩২ ঘন্টা পর তার স্বামী শামীমকে উদ্ধার করে। রাজিয়ার বাম হাত ভেঙ্গে গেলেও তার স্বামী সুস্থ আছেন।। পূরবি বেগমের বাম পা ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে।
শেরেবাংলা নগর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিত্সাধীন নিরুর (৩০) দুই চোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিত্সকরা জানিয়েছেন, তার দুই চোখই নষ্ট হয়ে যেতে পারে।
চিকিত্সাধীনদের সাহায্যে প্রতিদিন শিল্পপতি, দানশীল ব্যক্তি, ব্যবসায়ী এবং বিভিন্ন সংগঠন আর্থিক সহায়তা করছেন। গতকালও দুবাই প্রবাসী বাংলাদেশিদের সংগঠন সোস্যাল ক্লাবের পক্ষে সাত লাখ টাকা প্রদান করা হয়। পঙ্গু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ আব্দুল আউয়াল রিজভি বলেন, রানা প্লাজা ধসে হাড়-মেরুদণ্ডসহ বিভিন্নভাবে গুরুতর জখমপ্রাপ্ত ১১৬ জনকে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে গতকাল পর্যন্ত ৭০ জন এ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। বাকিরা কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কাউকে কাউকে কিডনি, চক্ষু ও অন্য সমস্যার কারণে বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সহকারী অধ্যাপক ডাঃ জাহাঙ্গীর ও ডাঃ ওয়াহেদের নেতৃত্বে ৪০ জন চিকিত্সক রানা প্লাজা ধসে আহতদের ২৪ ঘন্টা চিকিত্সা সেবা দিচ্ছেন। নার্সরাও সারাক্ষণ আহতদের সেবায় নিয়োজিত। এছাড়া ১২টি ইউনিট প্রধান সকলে আহতদের চিকিত্সা ও অপারেশন করছেন। যথা সময় সুচিকিত্সা পাওয়ায় অনেকে হাত-পা কাটা কিংবা অঙ্গহানি ও পঙ্গুত্ব থেকে রক্ষা পেয়েছেন বলে বিশেষজ্ঞ চিকিত্সকরা জানান। রানা প্লাজার আহতদের জন্য দুইটি ওয়ার্ড রাখা হয়েছে।
