আওয়ামী লীগ আগামী নির্বাচনের সময় ‘অন্তর্বর্তীকালীন’ সরকার নিয়ে বিরোধী দলের সাথে আলোচনা করতে রাজি। তবে দলটি বলেছে, এ সরকারের প্রধান যিনি হবেন তাকে অবশ্যই নির্বাচিত হতে হবে। কোন অনির্বাচিত ব্যক্তির এ সরকারের প্রধান হওয়ার সুযোগ নেই। বিরোধী দলের প্রধান শর্ত তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল দাবির ব্যাপারে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল, সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়কের মতো কোন অনির্বাচিত সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের আর সুযোগ নেই। বর্তমান প্রধানমন্ত্রীই নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন। সর্বশেষ এ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম গতকাল রবিবার এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, বিরোধী দলের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান কে হবেন। সৈয়দ আশরাফের এই বক্তব্যে রাজনৈতিক মহলে নতুন একটি আলোচ্য বিষয় যোগ হলো। এখন অন্তর্বর্তী সরকার প্রধান যে শেখ হাসিনাই হবেন আওয়ামী লীগের এই দাবি শিথিল হলো কিনা এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এদিকে সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সংবিধানে ‘অন্তর্বর্তীকালীন’ সরকার বলে কিছুই নেই। এ ব্যাপারে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ল’র পরিচালক ও সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক ইত্তেফাককে জানান, সংবিধানে বলা আছে, সরকার পূর্ণ মেয়াদে থাকলে মেয়াদ পূর্তির শেষ দিন থেকে পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে। সেই অনুযায়ী বর্তমান সংসদের প্রথম অধিবেশন বসে ২০০৯ সালের ২৪ জানুয়ারি। অর্থাত্ আগামী বছর ২৪ জানুয়ারি এই সংসদের মেয়াদ পূর্ণ হবে। তাহলে নির্বাচন করতে হবে আগামী ২৪ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে। এছাড়া প্রধানমন্ত্রীর অনুরোধে মেয়াদ পূর্তির আগে যে কোন সময় সংসদ ভেঙ্গে দিতে পারেন রাষ্ট্রপতি। আর যেদিন সংসদ ভেঙ্গে দেয়া হবে তার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে। কিন্তু সংসদ ভেঙ্গে দিলে কোন এমপি তার পদে আর বহাল থাকতে পারবেন না।
সাবেক আইনমন্ত্রী ও সিনিয়র আইনজীবী আব্দুল মতিন খসরু এমপি জানান, সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোন উল্লেখ নেই। তবে বিরোধী দল চাইলে সংসদে আলোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের বিধানটি সংবিধানে অন্তর্ভুক্ত করা যেতে পারে।
অপর একজন সংবিধান বিশেষজ্ঞ বলেন, নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে নির্বাচনকালীন ‘অন্তর্বর্তী’ সরকার গঠনের কথা বলা হচ্ছে। তাহলে নির্বাচিত এমপি নির্বাচনকালীন সরকারে থাকবেন কিভাবে? সংসদ ভেঙ্গে দিলে কেউ তো আর নির্বাচিত থাকেন না। আর যদি বর্তমান সংসদ বহাল রেখে নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে কোন এমপি নির্বাচনকালীন ওই সরকারে থাকলে তিনি যে আসন থেকে নির্বাচিত সেই আসন তো শূন্য ধরা হবে না। আর নির্বাচন কমিশন যদি ওই আসন শূন্য ঘোষণা না করে তাহলে সেখানে নতুন নির্বাচন অনুষ্ঠান নিয়ে আইনগত জটিলতা দেখা দিতে পারে।
