নির্বাচনেই খালেদা জিয়াকে হারাতে চাই :তথ্যমন্ত্রী

আপডেট : ১৯ মে ২০১৩, ২২:২৮
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকার বিরোধী দলকে বাইরে রেখে নির্বাচন করতে চায় না। তিনি বলেন, সরকার এমন একটি নির্বাচন করতে চায় যেখানে বিএনপিসহ সকল দল অংশগ্রহণ করবে এবং সেই নির্বাচনে জনগণ কর্তৃক খালেদা জিয়া প্রত্যাখ্যাত হবেন। গতকাল রবিবার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ইনু বলেন, মহাজোট সরকার নির্বাচিত গণতান্ত্রিক সরকার, মহাজোটের শরিক দলের বেশিরভাগ পোড় খাওয়া রাজনৈতিক দল, আমরা সবসময় সদর দরজা দিয়ে ক্ষমতায় আসি। বর্তমান সরকারের চার বছরের উন্নয়নমূলক কার্যক্রম জনগণকে জানাতে রোড শো আয়োজন নিয়ে ওই সাংবাদিক সম্মেলন করেন তথ্যমন্ত্রী। উন্নয়ন কর্মকাণ্ডে গত চার বছরে বিরোধী দলের সহযোগিতা পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি। ইনু বলেন, বিএনপি যদি জ্বালাও-পোড়াও আন্দোলন না করতো এবং যুদ্ধাপরাধীদের বিচারে বিরোধিতা না করতো, তাহলে আরো উন্নয়ন কর্মকাণ্ড করা সম্ভব হতো। মহাজোট সরকারের চার বছরে বিদ্যুত্, কৃষি, অর্থনীতি, শ্রমিক কল্যাণ, শিক্ষাক্ষেত্রে ‘অভূতপূর্ব’ উন্নয়ন হয়েছে বলে দাবি করেন তিনি। সরকারের সাফল্যের নজির হিসেবে মূল্যস্ফীতি ১০ এর নিচে নামিয়ে আনা, প্রবৃদ্ধির হার ৬ শতাংশে রাখা, শিশু ও মাতৃমৃত্যুর হার কমিয়ে আনাকে দেখান তথ্যমন্ত্রী। তথ্য প্রযুক্তি উন্নয়নের দিকে অগ্রগতির নজির হিসেবে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা ৪ কোটি থেকে বেড়ে বর্তমানে ১০ কোটিতে উন্নীত হওয়াকে তুলে ধরেন তিনি। চার বছরের সরকারের সফলতা তুলে ধরলেও ব্যর্থতা কী ছিলো জানতে চাইলে ইনু বলেন, আজ শুধু উন্নয়ন নিয়ে সংবাদ সম্মেলন হচ্ছে। বিগত চার বছরে গণমাধ্যমগুলো স্বাধীনভাবে কাজ করেছে বলেও দাবি করেন তথ্যমন্ত্রী। বর্তমান সরকারের আমলে কয়েকটি গণমাধ্যম বন্ধ করার বিষয়টি তুলে ধরা হলে তিনি বলেন, এই বিষয়ে সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে সাত দিনব্যাপী রোড শো হবে। এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তবে কবে তা হবে, তা ঠিক হয়নি। উদ্বোধন অনুষ্ঠানের পর ১২টি ট্রাকে ৬০টি জেলা ঘুরবে রোড শো। দ্বীপজেলা ভোলা ও পার্বত্য চট্টগ্রামে রোড শো যাবে না। ‘আপন কমিউনিকেশন্সে’র পৃষ্ঠপোষকতায় এই রোড শো হচ্ছে। মন্ত্রণালয়ের কোনো খরচ হচ্ছে না বলে জানান মন্ত্রী। সংবাদ সম্মেলনে তথ্যসচিব মরতুজা আহমেদ, প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক তাছির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।