গলাচিপা ও রাঙ্গাবালীতে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত

আপডেট : ১৯ মে ২০১৩, ২২:২৯
ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে পটুয়াখালীর গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে। এসব প্রতিষ্ঠান দ্রুত পুনঃনির্মাণ কিংবা সংস্কার করা না হলে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে না। শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা রয়েছেন উত্কণ্ঠায়। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলায় ১০টি মাধ্যমিক বিদ্যালয়, ১১টি মাদ্রাসা, ১টি কলেজ, রাঙ্গাবালী উপজেলায় ৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ১১টি মাদ্রাসা ২টি কলেজ সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। গলাচিপায় ৩২ এবং রাঙ্গাবালী উপজেলায় ৩১টি শিক্ষা প্রতিষ্ঠান আংশিক বিধ্বস্ত হয়েছে। উপজেলা বিপিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. নাসির উদ্দিন জানান, বর্তমানে গ্রীষ্মের ছুটিতে স্কুল বন্ধ। বিদ্যালয় খোলার দুইদিন পর ৯ জুন অর্ধবার্ষিকী পরীক্ষা শুরু হবে। এসময়ের মধ্যে ভবনগুলো পুনঃনির্মাণ করা না গেলে পরীক্ষাসহ স্বাভাবিক শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে। মুরাদনগর আহম্মাদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আ. হালিম মিয়া জানান, মাদ্রাসার তিনটি টিনসেড ভবন মাটির সাথে মিশে রয়েছে। কবে উঠবে ভবন আর কবে শুরু হবে ক্লাস, ভেবে পাচ্ছি না। এছাড়া গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার শতাধিক স্কুল, কলেজ ও মাদ্রাসার ব্যাপক ক্ষতিসাধিত হয়েছে। গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো.মাহবুব আলম জানান, ক্ষতির পরিমাণ নিরূপণ করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ পাওয়ার সাথে সাথে কাজ শুরু হবে।