বরিশাল বিভাগে কারা উপ-মহাপরিদর্শকের পদ সৃষ্টি হয়েছে। কারা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত চিঠি বরিশাল কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছেছে। ইতিমধ্যে কারা মহাপরিদর্শকের সংশ্লিষ্ট দপ্তরে তা পাঠানো হয়েছে। বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. কামাল হোসেন ইত্তেফাককে জানান, গুরুত্বপূর্ণ এ পদ সৃষ্টি হলে এ বিভাগের ৬ জেলার ৬টি কারাগারের কার্যক্রম আরো গতিশীল হবে। তিনি জানান, গত সপ্তাহে উপ-মহাপরিদর্শকের পদ সৃষ্টি হওয়ার কথা তাকে পত্র দিয়ে জানানো হয়েছে। ঐ পদে উপ-মহাপরিদর্শক যোগদান করার পরই এ কার্যক্রম চালু হবে। বর্তমানে যশোর কেন্দ্রীয় কারাগারের ডিআইজি প্রিজনের অধীনে এ বিভাগের ৬ জেলার কারাগার পরিচালিত হচ্ছে। খুব শিঘ্রই ডিআইজি প্রিজনের অফিস ও বাংলো নির্মাণ করা হবে।
