সাভারে অধরচন্দ্র স্কুল শিক্ষার্থীদের পদচারণায় আবারো মুখরিত

আপডেট : ১৯ মে ২০১৩, ২২:৩০
শিক্ষার্থীদের পদচারণায় আবারো মুখরিত হয়ে উঠেছে সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়। শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠানটি ফিরে পেয়েছে তার চিরচেনা রূপ। দীর্ঘ ২৬ দিন পর গতকাল রবিবার সকালে স্কুলে পাঠদান শুরু হয়েছে। ক্ষুদে শিক্ষার্থীদের ছোটাছুটি, খেলাধুলা আর দুরন্তপনায় শতবর্ষী স্কুলটির মাঠ যেন আবারো তার হারানো যৌবন ফিরে পেয়েছে। দেখে বোঝার উপায় নেই ক’দিন আগেও এই মাঠেই ছিল হাজার লাশের মিছিল, ছিল স্বজন হারানো মানুষের কান্নার রোল। সারি সারি কফিনের ডালা আধখোলা থাকতো লাশের অপেক্ষায়। মাঠের কোনায় আমগাছের সাথেই ছিলো লাশ গুনে রাখার জন্য ব্লাকবোর্ড আর সাদা চক। অ্যাম্বুলেন্সের শব্দ শোনামাত্র স্বজনরা ছুটে যেতেন লাশের জন্য। ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়ার পর প্রথম ধাপে তিনদিনের জন্য সাময়িক ছুটি ঘোষণা করে স্কুল কর্তৃপক্ষ। কিন্তু লাশের সংখ্যা বাড়তে থাকে জোয়ারের মতো। দিন-রাত পোশাক শ্রমিকদের নিথর দেহ বইতে বইতে অ্যাম্বুলেন্সগুলো যেন হাঁপিয়ে উঠে। বাধ্য হয়ে পরবর্তী ধাপে আবারো স্কুল বন্ধের নোটিস টানিয়ে দেয়া হয়।