ব্র্যাক ব্যাংক বেনাপোল শাখার গানম্যান গ্রাহকের ১০ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার দুপুরে। ব্যাংকের ম্যাানেজার মাহফুজুর রহমান জানান, বেনাপোল বাজারের মল্লিক ইলেকট্রনিক্সের ম্যানেজার জাহাঙ্গীর হোসেন দুপুরের দিকে ১০ লাখ টাকা ব্যাংকে জমা দিতে আসেন। এসময় ব্যাংকের গানম্যান ইকবাল টাকা জমা দিতে সহযোগিতার কথা বলে তার কাছ থেকে টাকার থলি হাতিয়ে নেয়। সে টাকা জমা না দিয়ে কৌশলে ব্যাংক থেকে পালিয়ে যায়। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি অভিযোগ করা হয়েছে।
এলিট ফোর্সের যশোর এরিয়ার অপারেশন অফিসার আবদুল হালিম জানান, গানম্যান ইকবাল এলিট ফোর্সের সদস্য হিসাবে বেনাপোল ব্র্যাক ব্যাংকে ২/৩ মাস আগে চাকরিতে যোগ দেয়। টাকা আত্মসাতের ঘটনা জানার পর আমরা বিষয়টি এলিট ফোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। সুষ্ঠু তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ব্যাংক গ্রাহক মল্লিক ইলেকট্রনিক্সের ম্যানেজার জাহাঙ্গীর হোসেন জানান, আমি টাকা নিয়ে ব্যাংকে আসলে গানম্যান ইকবাল আমাকে টাকা জমা দেয়ায় সহযোগিতার কথা বলে কৌশলে ১০ লাখ টাকা নিয়ে পালিয়েছে।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান খান জানান, আমরা ঘটনাটি জেনেছি এবং অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে দ্রুত আইনী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
