পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে অষ্টম শ্রেণীর এক মেধাবী ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কদিমধল্যা গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত ছাত্রীর নাম জোবাইদা আক্তার (১৩), পিতার নাম মোঃ নজরুল ইসলাম। তিনি একজন প্রবাসী। জোবাইদা কদিমধল্যা ডঃ আয়েশা রাজিয়া খোন্দকার উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোঃ শাহজাহান আলী জানান, গতকাল রবিবার দুপুরে জোবাইদা ও তার অন্য দুই বান্ধবীর সঙ্গে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। গোসল করে দুই বান্ধবী তীরে উঠতে পারলেও জোবাইদা পানিতে তলিয়ে যায়। দুই বান্ধবীর আর্ত চিত্কারে আশপাশের লোকজন ছুটে এলেও তাকে উদ্ধার করতে পারেনি। পরে মির্জাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।
