মোবাইল ফোন যারা ব্যবহার করেন তাদের পকেট থেকে বা হাত থেকে চাপ লেগে অনেক সময়ই প্রয়োজনের বাইরে বিভিন্ন নম্বরে ফোন চলে যাওয়ার ঘটনা ঘটে। তবে এ ধরনেরই এক ঘটনায় এবার রীতিমতো বিপাকে পড়ে গেছে গাড়ি থেকে মূল্যবান সামগ্রী চুরি করা দুই চোর। গাড়ির গ্ল¬াস ভেঙে ভেতরে ঢোকার সময় এদের একজনের পকেট থেকে নিজের অজান্তেই চাপ লেগে ফোন চলে যায় পুলিশ বিভাগের জরুরি নম্বর ৯১১-এ। আর সেখান থেকে তাদের কথোপকথন শুনেই কিছু একটা গণ্ডগোলের আঁচ পান ৯১১-এ ফোন রিসিভ করা অপারেটর। পরে এই কলের সূত্র ধরে অল্প কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে হাজির হয় টহল পুলিশের একটি দল। হাতে নাতে গ্রেপ্তার করা হয় নাথান টেক্লেমারিয়াম ও কার্সন রাইনহার্ট নামের ২০ বছর বয়সী দুই তরুণকে। ইতোমধ্যে অন্যের গাড়িতে অনধিকার প্রবেশ ও চুরির অভিযোগে তাদের জেল হাজতেও প্রেরণ করা হয়েছে। আর অভিনব এই ঘটনাটি ঘটেছে আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফ্রেন্সো শহরে। ঘটনার বিবরণে জানা যায়, অন্য আর দশটা ফোন কলের মতো সেদিনও ফোন ধরে অপর প্রান্তের কথা শোনার চেষ্টা করছিলেন ফ্রেন্সো শহরের এক ৯১১ অপারেটর। কিন্তু সে সময় ফোনের অপর প্রান্ত থেকে দু’জন মানুষের সাধারণ কথোপকথন ছাড়া আর কিছুই শুনতে পারছিলেন না। কিন্তু বিষয়টিকে বাজে কল ভেবে কেটে না দিয়ে মনোযোগ দিয়ে নেপথ্য থেকে ভেসে আসা কথাগুলো শোনার চেষ্টা করেন ওই অপারেটর। আর এ সময়ই তিনি শুনতে পান কী করে দুজন তরুণ তাদের নিজেদের মধ্যে একটি গাড়ির জানালা ভেঙে ভেতরে ঢোকার বিষয় নিয়ে আলাপ করছে। বিষয়টি সাথে সাথেই টহল পুলিশের একটি দলকে জানান অপারেটর। আর ওই মোবাইল ফোনের সূত্র ধরেই খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাতেনাতে চোরদের গ্রেপ্তার করে পুলিশ। এদিকে এভাবে শহরের এক কোণে চুরি করার সময় বিনা মেঘে বজ্রপাতের মতো পুলিশের উপস্থিতি দেখে যারপর নাই ঘাবড়ে গিয়েছিল দুই চোর। এমনকি পরে যখন তাদের জানানো হয় যে, তাদেরই একজনের মোবাইল থেকে চাপ লেগে পুলিশের কাছে যাওয়া ফোনের সূত্র ধরে তাদের গ্রেপ্তার করা হয়েছে তখনও বিষয়টি বিশ্বাস করতে পারছিলেন না এই দুই চোর।
