বলিউড কিং শাহরুখ খানের প্রথম ব্লকবাস্টার হিট ছবিই ‘বাজিগর’। ১৯৯৩ সালে ছবিটি মুক্তি পায়। আব্বাস মুস্তান পরিচালিত এই ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেন কাজল ও শিল্পা শেঠী। আর বলিউডের রিমেক ও সিক্যুয়াল প্রবণতার ধারাবাহিকতায় ব্লকবাস্টার এই ছবিটিরও সিক্যুয়াল তৈরির ঘোষণা দিলেন ছবিটির প্রযোজক রতন জেইন।
তিনি বলেন, ‘আমি ‘বাজিগর টু’ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। অনেকেই ভেবেছে যে, সিক্যুয়ালে বোধহয় শাহরুখ থাকছেন না। আসলে এমনটা নয়, শাহরুখকে ছাড়া আমি এই সিক্যুয়াল কল্পনাই করতে পারি না। এমনকি ছবিতে কাজলও থাকার সম্ভাবনা খুব বেশি। পরিচালকের বিষয়টিও আমি অপরিবর্তিত রাখব বলে ভাবছি। খুব শীঘ্রই এর প্রি-প্রোডাকশনের কাজে হাত দিলেও এত দ্রুত এই সিক্যুয়াল শুরু হচ্ছে না। হাতে আপাতত অনেকগুলো ছবির কাজ। এইগুলো শেষ করে তবেই শুরু হবে ‘বাজিগর টু’-এর কাজ। তবে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এই ছবির শুটিংয়ে যাব বলে ভাবছি। এ নিয়ে শাহরুখের সঙ্গেও আমাদের কথা হয়েছে। তার সঙ্গে আলাপ-আলোচনা করেই এই ছবির পরবর্তী ধাপ শুরু হবে।’
