আবাসন খাতে ১৫শ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল চালুর প্রস্তাব

আপডেট : ২০ মে ২০১৩, ২০:০৪
নিম্ন আয়ের ক্রেতাদের আবাসন চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিল আবারো চালুর প্রস্তাব করেছেন রিহ্যাব নেতারা। একই সঙ্গে এ তহবিলের আকার সাতশ কোটি টাকা থেকে বাড়িয়ে ১৫০০ কোটি টাকা করার প্রস্তাবও করেছেন তারা। গতকাল সোমবার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তারা এ প্রস্তাব করেন। বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন গভর্নর ড. আতিউর রহমান। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)’র সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে রিহ্যাবের ছয় সদস্যের একটি দল এ বৈঠকে অংশ নেন। বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। সভা শেষে রিহ্যাবের সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান সাংবাদিকদের বলেন, আজকের (সোমবার) বৈঠকে আমরা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের কাছে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব করেছি। এর মধ্যে প্রধানত নিম্ন আয়ের ক্রেতারা যাতে স্বল্প সুদে ঋণ পান সে জন্য বাংলাদেশ ব্যাংকের যে পুনঃঅর্থায়ন তহবিলটি বর্তমানে স্থগিত রয়েছে তা আবারো চালুর প্রস্তাব করা হয়েছে। তবে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী বলেছেন, রিহ্যাবের এই প্রস্তাব এখনই বাস্তবায়ন সম্ভব নয়। পরবর্তী মুদ্রানীতি গ্রহণের সময় বিবেচনার আশ্বাস দিয়েছেন।