ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন আয়োজন নিয়ে সাবধানে এগুচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আইনী বিভিন্ন দিক যাচাই-বাছাই করেই এবার তফসিল ঘোষণার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ জন্য দুই সিটির সীমানা নির্ধারণ নিয়ে কোন জটিলতা আছে কিনা তা জানতে একাধিকবার স্থানীয় সরকার বিভাগকে পত্র দিয়েছে কমিশন। জবাবে স্থানীয় সরকার বিভাগ থেকে সীমানা নির্ধারণ নিয়ে কোন সমস্যা নেই বলে কমিশনকে আশ্বস্ত করা হয়েছে। একই সাথে দ্রুত নির্বাচন আয়োজনের জন্য কমিশনকে অনুরোধ করা হয়েছে। ফলে বড় ধরনের কোন সমস্যা না হলে রমজানের আগেই দুই সিটির নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে ইসির।
এ বিষয়ে ইসি সচিব ড. মোহাম্মদ সাদিক বলেন, বড় ধরনের কোনো সমস্যা না হলে রমজানের আগেই অর্থাত্ জুলাইয়ের প্রথম সপ্তাহে ঢাকার দুই সিটির নির্বাচন করার চিন্তা-ভাবনা রয়েছে। ডিসিসি নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি রয়েছে। মঙ্গলবার কমিশনের সভা আহবান করা হচ্ছে। ওই সভায় দুই সিটির নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি আরো বলেন, কমিশনের আগামী বৈঠকে ডিসিসি নির্বাচন কী রমজানের আগে না পরে হবে সে সিদ্ধান্ত হবে। এ জন্য আগামী বৈঠক গুরুত্বপূর্ণ। তবে রমজানের আগে এ নির্বাচন অনুষ্ঠানে ইসির কোনো সমস্যা নেই বলেও জানান তিনি। একই সঙ্গে আগামী বৈঠকে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ অ্যাডভোকেটের কিশোরগঞ্জের শূন্য আসনের উপ-নির্বাচন ও গাজীপুর সিটি নির্বাচন বিষয়েও সিদ্ধান্ত হবে।
ইসি সচিবালয় জানায়, দুই ডিসিসি নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ হওয়ার পরপরই কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগকে দ্রুত ভোটার তালিকার সিডি প্রস্তুত করার জন্য নির্দেশ দেয়। ইতিমধ্যে দুই সিটির ওয়ার্ডভিত্তিক ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। ঢাকা সিটি করপোরেশনের আয়তন বৃদ্ধি করা হলেও এবারের নির্বাচনে ওইসব এলাকা অন্তর্ভুক্ত করা হচ্ছে না।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সুলতানগঞ্জ ইউনিয়নকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করা হলেও এবারের নির্বাচনের আওতাভুক্ত থাকছে। গত ৯ মে এই বিষয়ে মতামত চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দেয়া হলে কমিশনকে তা স্পষ্ট করা হয়। গত রবিবার পুনরায় স্থানীয় সরকার বিভাগ থেকে চিঠি দিয়ে কমিশনকে নির্বাচন অনুষ্ঠানের জন্য অনুরোধ করা হয়েছে। সীমানা নির্ধারণ নিয়ে কোন সমস্যা নেই বলে আশ্বস্তও করা হয়েছে কমিশনকে।
হালনাগাদসহ ঢাকার দুই সিটি করপোরেশনের মোট ভোটার সংখ্যা ৪০ লাখ ৪১ হাজার ৯৭৯ জন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মোট ভোটার ২২ লাখ ৭২ হাজার ৯২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৯৪ হাজার ৬ জন, নারী ভোটার ১০ লাখ ৭৮ হাজার ৯১৮ জন। আর দক্ষিণ সিটি করপোরেশনের ভোটার সংখ্যা ১৭ লাখ ৬৯ হাজার ৫৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৬০ হাজার ৮৪৪ জন ও নারী ভোটার ৮ লাখ ৮ হাজার ২১১ জন। গত বছর ঘোষিত তফসিলের সময় ঢাকার দুই সিটি করপোরেশনের ভোটার সংখ্যা ছিল ৩৮ লাখ ৫২ হাজার ৯২৬ জন। এর মধ্যে উত্তরের ভোটার ২১ লাখ ৭২ হাজার ৪২৭ এবং দক্ষিণে ১৬ লাখ ৮০ হাজার ৪৯৯ জন। ২০১১ সালের ২৯ ডিসেম্বর ঢাকা সিটি করপোরেশন ভেঙ্গে উত্তর ও দক্ষিণ দুটি আলাদা সিটি করপোরেশন করা হয়।
