অনুষ্ঠিতব্য খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে স্কুলের গণ্ডি পার হতে পারেননি এক মেয়রসহ ৩০ কাউন্সিলর প্রার্থী। তাদের মধ্যে বেশ কয়েকজনের অক্ষরজ্ঞান রয়েছে বলে জানা যায়। এমন প্রার্থীও আছেন যিনি গত ২০০৮ সালের নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিরক্ষর দেখিয়েছিলেন। কিন্তু এবার তিনি ৮ম শ্রেণি পাস দেখিয়েছেন। নির্বাচন কমিশনকে দেয়া হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।
মেয়র প্রার্থী মো. সিরাজুল ইসলামের দেয়া হলফনামায় উল্লেখ রয়েছে, তার স্বাক্ষর জ্ঞান আছে। ইতিপূর্বে তিনি পৌরসভার চেয়ারম্যান ও খুলনা পৌর করপোরেশনের প্রথম প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেছেন। একাডেমিক ক্ষেত্রে তার কোন সনদপত্র নেই। অপর মেয়র মহাজোটের শরীক দল জাতীয় পার্টির জেলা সভাপতি মো. শফিকুল ইসলাম মধুর দেয়া হলফনামা থেকে জানা গেছে, তিনি এসএসসি পাস। কেসিসির সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও খুলনা মহানগর বিএনপির সদ্য পদত্যাগ করা সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি এইচএসসি পাস। মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেসিসির সদ্য বিদায় নেয়া মেয়র তালুকদার আব্দুল খালেকের হলফনামায় বলা হয়েছে, তিনি বিএ পাস। অপর মেয়র প্রার্থী খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম মনা এলএলবি পাস।
এছাড়া ৩১টি ওয়ার্ডে ৩০ জন কাউন্সিলর প্রার্থী রয়েছেন যারা স্কুলের মাধ্যমিকের গণ্ডি পার হতে পারেননি। খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ১৩ নম্বর ওয়ার্ডের প্রধান দুই প্রার্থী বর্তমান কাউন্সিলর মোসাদ্দেক হোসেন বাবুল ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এসএম মোরশেদ আহমেদ মনি দুইজনই অষ্টম শ্রেণি পাস। ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিনুল ইসলাম মুন্না গত নির্বাচনে হলফনামায় শিক্ষাগত যোগ্যতা নিরক্ষর হিসাবে উল্লেখ করলেও এবার তিনি তার হলফনামায় ৮ম শ্রেণি পাস দেখিয়েছেন। একই ওয়ার্ডের অপর প্রার্থী হাবিবুর রহমান বিশ্বাস নবম শ্রেণি পাস। এই ওয়ার্ডের ৩ প্রার্থী কাজী শামীম আসফাক, মুনসী নাজমুল আলম ও শেখ আসলাম আলী অষ্টম শ্রেণি পাস। ২৮ নং ওয়ার্ডের প্রার্থী ও স্থানীয় বিএনপির সভাপতি ওয়াহেদুর রহমান দীপুর অক্ষরজ্ঞান আছে। ৪ নং ওয়ার্ডে প্রার্থী কবির হোসেন কবু মোল্লা সপ্তম শ্রেণি পাস। তবে ওয়ার্ডের বাকি প্রার্থীরা স্নাতক উত্তীর্ণ হয়েছেন।
আসন্ন কেসিসি নির্বাচনে অংশ নেয়া অধিকাংশ কাউন্সিলর প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার চিত্র এমনই। এবারের নির্বাচনে ১৮৭ জন কাউন্সিলর প্রার্থীর ৩০ জনই মাধ্যমিকের গণ্ডি পার হতে পারেননি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২৩নং ওয়ার্ডের নূরুল ইসলাম এবং ৩০নং ওয়ার্ডের মনির আহমেদের শিক্ষাগত যোগ্যতা লিখেছেন ‘স্বশিক্ষিত’। ১৫নং ওয়ার্ডের সালমা পারভীন লিখেছেন, তিনি লিখতে ও পড়তে সক্ষম। ৯নং ওয়ার্ডে ফজলে বারি লিপন ও ১৪নং ওয়ার্ডের সাইফুল ইসলামসহ ৯ জন প্রার্থীর শুধু স্বাক্ষরজ্ঞান আছে। ৯নং ওয়ার্ডের জামায়াত সমর্থিত প্রার্থী হাফেজ নাসরুল্লাহ, আবদুল ওয়াদুদ, আওয়ামী লীগ সমর্থিত এসএম খসরুল আলমসহ অষ্টম শ্রেণি পাস করেছেন ১২ জন। ৮নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মো. শাহ আলমসহ ৩ জন প্রার্থী পঞ্চম শ্রেণি পাস করেছেন। এছাড়া ২০নং ওয়ার্ডের মীর মো. লিটনসহ ৩ জন সপ্তম শ্রেণি ও নবম শ্রেণি পাস ৩ জন। ২০নং ওয়ার্ডের কামরুল ইসলাম ও মোহাম্মদ হোসেন চৌধুরী হলফনামায় শিক্ষাগত যোগ্যতার ছকে লিখেছেন, তাদের জন্য প্রযোজ্য নয়। ১১নং ওয়ার্ডের হুমায়ন কবির কিছু লেখেননি। আবার ২০০৮ সালের হলফনামায় অজ্ঞরজ্ঞান আছে লিখলেও এবারের হলফনামায় এসএসসি উত্তীর্ণ লিখেছেন ফারুক হিলটন। এ রকম প্রার্থীর সংখ্যাও আছে বেশ কয়েকজন।
