প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সচেতনতামূলক কার্যক্রম নিতে হবে

আপডেট : ২০ মে ২০১৩, ২১:০০
উষ্ণতার কারণে বর্তমানে প্রাকৃতিক বিপর্যয় ভয়াবহভাবে দেখা দিয়েছে। পৃথিবীর বুকে বাতাসের গতিবেগ আগের তুলনায় অনেক বেড়ে গেছে। সে কারণে ঘূর্ণিঝড়, টর্নেডো প্রায়শ দেখা যাচ্ছে। আকাশে সামান্য মেঘ দেখা দিলেই প্রকৃতি ভয়ঙ্কর গর্জনে মেতে উঠছে। মেঘের গর্জনের কারণে বজ্রপাতের সংখ্যাও বেড়ে গেছে আগের তুলনায় অনেক বেশি। সে সঙ্গে বেড়ে গেছে হতাহতের সংখ্যাও। যেখানে কালবৈশাখী বা প্রাকৃতিক ঝড় বয়ে যায় সেখানে ভয়াবহ তাণ্ডবলীলা রেখে যাচ্ছে। তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ আগের তুলনায় অনেক বেশি হচ্ছে। সরকার শুধু উপকূলবর্তী এলাকার জন্য সতর্কবার্তা জারি করলেও অনেক লোকালয় এখন ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে। সেখানে প্রচার-প্রচারণা না থাকার কারণে বড় ধরনের ক্ষতির শিকার হচ্ছে অজান্তেই। তাই প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আরো বেশি সচেতনতামূলক প্রচার চালানো উচিত। প্রত্যন্ত অঞ্চলের বাড়ি-ঘরগুলো যাতে ঝড় মোকাবেলা করতে সক্ষম হয় সেভাবে তৈরি করার জন্য উদ্যোগ নেয়া জরুরী। এতে সম্পদ এবং মানুষের জানমালের ক্ষতি কমিয়ে আনা অনেকটা সম্ভব হবে। মো. তলহা শেখ, রংমেহার, টঙ্গিবাড়ী, মুন্সীগঞ্জ