তার শিল্পকর্ম সৃষ্টির ইতিহাসে বিশাল ভাণ্ডার

আপডেট : ২০ মে ২০১৩, ২২:৪৪
শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ চল্লিশের দশক থেকেই খ্যাতিমান চিত্রকর হিসেবে পরিচিত। তিনি ছিলেন কালের অন্যতম শ্রেষ্ঠ চিত্রকর। শিল্পাচার্য জয়নুল আবেদিনের সহযাত্রী এই গুণী শিল্পী আর্ট কলেজ প্রতিষ্ঠায়ও অগ্রণী ভূমিকা পালন করেন। এ দেশের ছাপ চিত্রকলার প্রসার ও অগ্রগতিতে তিনি পথিকৃতের ভূমিকা পালন করেছেন। তার শিল্পকর্ম সৃষ্টির ইতিহাস আর নিদর্শনের এক বিশাল ভাণ্ডার। গতকাল সোমবার ছিল শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বেঙ্গল ফাউন্ডেশন বেঙ্গল শিল্পালয়ে তার স্মরণানুষ্ঠানের আয়োজন করে। ওই অনুষ্ঠানে শিল্পগুরুকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে দেশের বিশিষ্ট চিত্রশিল্পীরা তাকে এভাবেই মূল্যায়ন করেন। অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী, আবুল বারক আলভী, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক সৈয়দ আজিজুল হক, অধ্যাপক মইনুদ্দীন খালেদ। সূচনা বক্তব্য রাখেন বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী। বক্তারা বলেন, স্বল্পভাষী সফিউদ্দীন আহমেদ খুব সাদামাঠা জীবন-যাপন করতেন। সফল মানুষ, সফল শিক্ষক, সফল চিত্রকর—সব মিলিয়ে তিনি এক অনুকরণীয় ব্যক্তিত্ব। সাধারণ মানুষের সুখ-দুঃখের জীবনযাত্রা, বাস্তবধর্মী শিল্পকর্ম, নিসর্গচিত্র থেকে শুরু করে আধুনিক সমকালীন ছাপচিত্রে সফিউদ্দীন আহমেদের সৃষ্টি বাংলাদেশের অমূল্য সম্পদ। বক্তারা বলেন, নিজেকে সহজভাবে উপস্থাপন করা ছিল সফিউদ্দীন আহমেদের স্বভাবজাত বৈশিষ্ট্য। শিল্পকলার বাইরে সঙ্গীতের প্রতি ছিল তার বিশেষ ঝোঁক। একইসঙ্গে পাশ্চাত্য ও রবীন্দ্র সঙ্গীতের অনুরাগী ছিলেন তিনি। খেলাধুলার প্রতিও সমান আগ্রহ ছিল তার। তিনি যে কাজই করতেন পরিচ্ছন্নভাবে তা সমাধা করতেন। অন্যদিকে স্বভাবেও ছিলেন নম্র। কখনই উচ্চৈঃস্বরে কথা বলতে পছন্দ করতেন না। নিজে ছবি আঁকা এবং অন্যকে শেখাবার দারুণ এক ক্ষমতা ছিল তার। তিনি সারাটা জীবন শিল্পচর্চার পাশাপাশি শিল্প আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত রেখেছিলেন। বক্তারা আরো বলেন, ভারত থেকে চারুকলা শিক্ষা নিয়ে এদেশে চিত্রকলা আন্দোলন শুরু করা শিল্পীদের মধ্যে তিনি ছিলেন শেষ ব্যক্তি। গত শতকের তার আঁকা সাদাকালো, কাঠখোদাই ও তেল রঙের ছবিগুলো ছিল অসাধারণ। তার শিল্পসম্ভার ছিল গভীর প্রকৃতির। তিনি কখনো তার ছবি বিক্রি করতেন না। নিজের সন্তানের মতো ছবিগুলোকে আগলে রাখতেন।