আমতলীতে পান চাষিদের ঝড়ে ক্ষতি ৭০ লাখ টাকা

আপডেট : ২০ মে ২০১৩, ২২:৪৬
আমতলীতে ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে প্রায় দেড় হাজার পানের বরজ লণ্ডভণ্ড হয়ে গেছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় দুই হাজার ৮০০ পান চাষি রয়েছেন। এ ঝড়ে পান চাষিদের প্রায় ৭০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। উপজেলা সদর, গুলিশাখালী, ডালাচারা, ঘটখালী, রায়বালা, উত্তর ঘটখালী, আমরাগাছিয়া, টেপুরা, দক্ষিণ তক্তাবুনিয়া, বড়বগী, জয়ালভাঙ্গা, তারিকাটাসহ প্রায় সব জায়গায় কৃষকরা পান চাষ করেন। তবে পান চাষে প্রান্তিক কৃষকদের সংখ্যাই বেশি। অধিকাংশ কৃষক এনজিও এবং বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে পান চাষ করে থাকেন। এ অবস্থায় গত বৃহস্পতিবার ঘূর্ণিঝড় মহাসেনের তাণ্ডবে অধিকাংশ কৃষকের পানের বরজ লণ্ডভণ্ড হয়ে যায়। উত্তর ঘটখালীর পান চাষি আব্দুর রব প্যাদা জানান, তার ২ বিঘা পানের বরজ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আমরাগাছিয়ার মোশারেফ মুন্সী জানান, তার আড়াই বিঘা পানের বরজ মহাসেনের তাণ্ডবে নষ্ট হয়ে গেছে। এখন তার পথে বসা ছাড়া আর কোনো উপায় নাই।