গোপালগঞ্জের কোটালীপাড়ায় টর্নেডোতে গাছ চাপা পড়ে রেবেকা বেগম (৩৫) নামে এক গৃহবধূ নিহত ও ১০ জন আহত হয়েছে। কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের ছোট দক্ষিণপাড়, বড় দক্ষিণপাড় ও সোনাটিয়া গ্রামে শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। উঠতি ইরি-বোরো ফসলের ক্ষতি ও গাছপালা ভেঙ্গে পড়েছে। গতকাল সোমবার বিকেল ৪টায় ৩টি গ্রামে টর্নেডো বয়ে যায়। কয়েক মিনিটের টর্নেডোতে ৩টি গ্রাম লণ্ডভণ্ড হয়। নিহত রেবেকা বেগম ছোট দক্ষিণপাড় গ্রামের জলিল হাওলাদারের স্ত্রী। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আমতলী ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ জানান, শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উঠতি ইরি বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়। কয়েকটি মুরগি ফার্ম বিধ্বস্ত হয়ে বেশ কিছু মুরগি মারা গেছে। কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিকাইল এক গৃহবধূর মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন, ঘরবাড়ি, গাছপালা, মুরগি ফার্ম বিধ্বস্ত হয়েছে। উঠতি ফসলের ক্ষতি ব্যাপক। ক্ষতি নিরূপণের কাজ শুরু হয়েছে।
বজ পাতে যুবক নিহত
কোটালীপাড়ায় বজ্রপাতে বিপুল গাইন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে হাজরাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত বিপুল গাইন হাজরাবাড়ী গ্রামের দেবেন্দ্র নাথ গাইনের ছেলে। বৃষ্টির সময় বজ্রপাতে ঘরের মধ্যে থাকা বিপুল গাইন মারা যায়।
