যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলে রবিবার একটি শক্তিশালী টর্নেডো কানশাস, ওকলাহোমা ও আইওয়া অঙ্গরাজ্যে আঘাত করে। এতে ওকালাহোমায় অন্তত এক জনের প্রাণহানি ও বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে। বেশি ক্ষয়ক্ষতি হয় ওকলাহামার শাউনিতে। এখানে একটি মোবাইল হোম পার্ক মাটির সঙ্গে মিশে যায়। মধ্যপশ্চিমাঞ্চলে ধারাবাহিক টর্নেডো বয়ে যায়। খবর বিবিসি ও এএফপির।
কানশাস, নেবরাস্কা, আইওয়া, ওকলাহোমা, মিনেসোটা, উইস্কনসিন, ইলিনয় ও মিসৌরির কাউন্টিগুলোতে আরো টর্নেডো আঘাত হানতে পারে বলে কর্তৃপক্ষ সতর্ক করে দেয়। জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, কানশাসের উইচিটাস মিড-কন্টিনেন্ট এয়ারপোর্টের কাছে একটি টর্নেডো দেখা গেছে এবং আইওয়ার ডেস মোইনেসের পশ্চিমে একটি টর্নেডো আঘাত হেনেছে। বৃহস্পতিবার টেক্সাসে ১০টি টর্নেডো আঘাত হানে। এতে অন্তত ছয় জনের মৃত্যু ও আরো বেশ কয়েকজন আহত হয়।
