ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে মাওবাদী বিদ্রোহীদের গুলি বিনিময় চলাকালে তিন শিশুসহ আট গ্রামবাসী নিহত হয়েছে। বিরোধী রাজনৈতিক নেতারা একে ‘হত্যাযজ্ঞ’ বলে উল্লেখ করেছেন। - খবর এএফপির।
গতকাল সোমবার ছত্তিশগড় রাজ্যের মাওবাদী বিরোধী অভিযানের প্রধান কর্মকর্তা রাজেন্দ্র ভিজ বলেন, শনিবার রাজ্যের রাজধানী রায়পুরের ৫৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বিজাপুরের এডাসমেতা এলাকায় সংঘটিত শনিবারের এই ঘটনায় এক পুলিশও নিহত হয়েছে। তিনি আরো বলেন, মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা কর্মীদের গুলি বিনিময়ের পর পুলিশ ঘটনাস্থল থেকে আটটি মৃতদেহ উদ্ধার করেছে। এদের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় তিনটি বালকের মৃতদেহ রয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদী বিদ্রোহীদের মধ্যে গুলি বিনিময় চলাকালে গ্রামবাসীরা মারা যায় বলে আমরা মনে করি। এই ঘটনায় এক পুলিশও নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন ‘সন্দেহভাজন মাওবাদী’ রয়েছে বলে তিনি দাবি করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি রাইফেল উদ্ধার করেছে। তবে রাজ্যের প্রধান বিরোধী দলের অভিযোগ, নিরাপত্তা বাহিনীর সদস্যরা মিথ্যা মুখোমুখি সংঘর্ষের মাধ্যমে ‘নিরপরাধ’ গ্রামবাসীকে হত্যা করেছে। ছত্তিশগড়ের রাজ্য সরকার এই ঘটনার একটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে।
