না’গঞ্জে পাইকারি ব্যবসা কেন্দ্রে লোড আনলোড বন্ধ

আপডেট : ২০ মে ২০১৩, ২২:৪৯
দেশের অন্যতম পাইকারি ব্যবসাকেন্দ নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে শ্রমিকদের মজুরি বৃদ্ধিসহ ১২ দফা দাবির পরিপ্রেক্ষিতে গতকাল সকাল থেকে লোড আনলোড বন্ধ করে দিয়েছে মালিক সমিতি। মালিক সমিতি এলাকায় মৌন মিছিল ও মাইকিং করেছে। অপরদিকে লোড আনলোড শ্রমিক নেতারা দাবি করেছেন শ্রমিকরা যেকোন সময়ে কাজে যোগ দিতে প্রস্তুত। তারা নিয়মতান্ত্রিক পদ্ধতিতেই মালিক সমিতির কাছে ১২ দফা দাবি পেশ এবং ১৫ দিনের মধ্যে দাবি বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন। ‘নিতাইগঞ্জ লোড আনলোড লেবার ইউনিয়ন’ সংগঠনের পক্ষ থেকে দাবি সম্বলিত একটি স্মারকলিপি রবিবার নারায়ণগঞ্জ গম চাউল আড়ত্দার মালিক সমিতির কাছে জমা দিতে যায়। কিন্তু সমিতির লোকজন সে স্মারকলিপি গ্রহণ করেনি। তখন শ্রমিকেরা বিক্ষোভ মিছিল বের করে। এ কারণে কিছু সময়ের জন্য নিতাইগঞ্জ এলাকাতে লোড আনলোড বন্ধ থাকে। পরে রাত থেকেই মালিক সমিতির সভাপতি জসিমউদ্দিনের নেতৃত্বে কিছু মালিক নিতাইগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠানে লোড আনলোড বন্ধ রাখার নির্দেশ দেন। এতে করে সোমবার সকাল থেকে নিতাইগঞ্জ এলাকায় বন্ধ হয়ে যায় সকল প্রকার লোড আনলোড। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ গম চাউল আড়ত্দার মালিক সমিতির সভাপতি জসিমউদ্দিনের নেতৃত্বে কিছু সংখ্যক মালিক মৌন মিছিল করে মালিকদের লোড আনলোড বন্ধ রাখার নির্দেশ দেন এবং মাইকিংয়ের মাধ্যমে শ্রমিকদের মালিক সমিতির অফিসের সামনে এসে উপস্থিত হওয়ার আহবান জানান। সমিতির সভাপতি দাবি করেন, শ্রমিকদের দাবি মানা সম্ভব না। প্রয়োজনে কারখানা অন্যত্র সরিয়ে নেয়া হবে। কাউন্সিলর কামরুল হাসান মুন্না শ্রমিক না হয়েও শ্রমিক নেতা বনে গেছেন। তিনি শ্রমিকদের অযৌক্তিক দাবির মাধ্যমে ক্ষেপিয়ে তুলছেন। এছাড়া অন্যান্য জেলার তুলনায় নারায়ণগঞ্জে শ্রমিকদের মজুরি বেশি দেয়া হচ্ছে বলেও তারা দাবি করেন। এদিকে দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন নিতাইগঞ্জ লোড আনলোড লেবার ইউনিয়ন। সংগঠনের সভাপতি ও সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না জানান, আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতেই দাবি পেশ করেছি এবং ১৫ দিনের মধ্যে দাবিগুলো বিবেচনা করার জন্য অনুরোধ জানিয়েছি। আমরা কোন ধরনের ধর্মঘট কিংবা কর্মবিরতি পালন করিনি। আমরা যেকোন মুহূর্তে কাজে যোগ দেয়ার জন্য প্রস্তুত রয়েছি। মালিকদের বক্তব্যের প্রেক্ষিতে মুন্না বলেন, শ্রমিকদের রক্তচোষা মালিকদের অন্যায়ের প্রতিবাদ জানাতেই শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছি। গম সিন্ডিকেট বহাল রাখার জন্য গম চাউল আড়ত্দার মালিক সমিতির সভাপতি জসিমউদ্দিন এই হটকারি সিদ্ধান্ত নিয়েছেন। তার সিদ্ধান্তের সঙ্গে অনেক আটা ময়দা মিল মালিক সম্মত না হলেও তার হুমকির কারণে লোড আনলোড বন্ধ রেখেছেন। জসিমউদ্দিনের কথা না শুনলে গম সরবরাহ বন্ধ রাখার হুমকিও দেয়া হয়েছে। এছাড়া যশোর ও কুমিল্লার তুলনায় নারায়ণগঞ্জের লোড আনলোডের শ্রমিকরা বেশি পেলেও এখানে জীবনযাত্রার ব্যয় অনেক বেশি। সে তুলনায় নারায়ণগঞ্জের শ্রমিকরা বেশি মজুরি প্রাপ্য। সরকারকে বেকায়দায় ফেলতে ও আসন্ন বাজেট উপলক্ষে আটা ময়দার দাম বৃদ্ধির জন্যই গম মালিক সমিতি এমন আচরণ করছে বলে তিনি মনে করেন।