প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডে দুই দিনের সরকারি সফর শেষে আজ মঙ্গলবার দেশে ফিরছেন। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট চিয়াংমাই থেকে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। প্রধানমন্ত্রী এশিয়া প্রশান্ত মহাসাগরীয় পানি সম্মেলনে (২ এপিডব্লিউএস) যোগ দিতে গত রবিবার চিয়াংমাই যান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভাষণ দেন। তিনি সম্মেলনের ওয়ার্কিং ব্রেকফাস্টে যোগদান করেন। এ ছাড়া প্রধানমন্ত্রী গতকাল সোমবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। তিনি থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দেয়া নৈশভোজে অংশ নেন। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে অংশগ্রহণকারী বিশ্ব নেতৃবৃন্দের সাথেও সাক্ষাত্ করেন।
