মেহেরপুরের গাংনীতে ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়ার কবলে পড়ে চিত্লা গ্রামের মানিকচরা মাঠের প্রায় ২০টি আমবাগানের সমস্ত আম নষ্ট হয়ে গেছে। বাগান মালিক আবুছদ্দিন জানান, হপার পোকার আক্রমণ থেকে আম বাঁচাতে বিভিন্ন কিটনাশক ব্যবহার করা হয়েছে। আম ওঠার আগ মুহূর্তে হঠাত্ করে গাছের সমস্ত আমের নিচের অংশ পচে যাচ্ছে। আর উপরের অংশ শক্ত হয়ে গেছে। তিনি জানান, এ মাঠে আমার ২ বিঘা জমিতে ২০টি হিমসাগর আমের গাছ রয়েছে। প্রতিটি গাছেরই সকল আমের একই অবস্থা। বাগান মালিক আয়ুব আলী মাস্টার, ইউসুব আলীও একই কথা জানালেন। তারা বলেন, এই মাঠের আম বাগানগুলোতে অনুমোদন বিহীন ৫টি ইটভাটা রয়েছে। রাজা হোসেনের এআরএনবি, মফিজুল ইসলামের ভাই ভাই দুটি ইটভাটা বাগানের মধ্যে রয়েছে। এসব ইটভাটার কালো ধোঁয়ার কারণে আম বাগানের সমস্ত আম পচে গেছে বলে ধারণা করা হচ্ছে।
